ফেলনা জিনিস ফেলনা নয়
শৈলী ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০১:৩৩
আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন ডিম, ফল কিংবা সবজি থাকলেও এসবের খোসা ফেলে দেওয়া হয়। অনেকেরই হয়তো জানা নেই, এসব খোসাও নানা কাজে লাগতে পারে।
ত্বকের যত্নেও ডিমের খোসা ব্যবহার করতে পারেন। যদি মুখ থেকে উজ্জ্বলতা চলে যায়, তাহলে ডিমের খোসা ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিন। এবার এতে মধু মিশিয়ে মুখে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। এ জন্য ডিমের খোসা বেটে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন।
ডিমের খোসার সাহায্যে দাঁতের হলদেটে ভাবও দূর করতে পারেন। এক চা চামচ ডিমের খোসার গুঁড়ার মধ্যে এক চিমটি বেকিং সোডা দিন। এবার এতে নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর টুথপেস্ট হিসেবে ব্যবহার করুন। এতে দাঁতের উজ্জ্বলতা ফিরে আসবে।
বেসিন পরিষ্কার ও গন্ধমুক্ত রাখতে ডিমের খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন। বেসিনের পাইপের মধ্যে জমাট বাঁধা ময়লা দূর করতে সাহায্য করে ডিমের খোসা। পাইপ থেকে আসা যে কোনো হালকা গন্ধও দূর করতে পারে এটি।
বেকিং সোডার সঙ্গে ডিমের খোসা মিশিয়ে প্রাকৃতিক ডিশ ক্লিনিং পাউডার তৈরি করে ফেলতে পারবেন। এটি সব ধরনের দাগ দূর করতে পারে। একটি স্পঞ্জ বা কাপড় দিয়ে এই মিশ্রণটি দাগ দূর হওয়া পর্যন্ত আলতোভাবে স্ক্রাব করুন। ডিমের খোসা আর বেকিং সোডার মিশ্রণ থালাবাসনে জমে থাকা ময়লা তুলতে সাহায্য করে।
কলার খোসা: আমাদের প্রতিদিনকার খাদ্যতালিকায় কলা থাকেই। কাঁচা বা পাকা উভয় প্রকার কলারই রয়েছে নানা উপকারিতা। কলা যেমন পেট ভরায়, তেমনি পুষ্টিগুণ জোগায়। কলার মতোই এর খোসারও রয়েছে নানা গুণ।
দাঁতের হলদে ভাব কাটাতে কলার খোসা কার্যকরী। প্রতিদিন সকালে মুখ ধুয়ে কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘষুন। এরপর টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন। এভাবে এক সপ্তাহেই দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।
ত্বকের যত্নেও কলার খোসা ভালো কাজ দেয়। কলার খোসা বেটে তার সঙ্গে একটু মধু মিশিয়ে মুখে ঘষুন। মুখের কালো দাগ বা বলিরেখা দূর হবে। শুষ্ক ত্বককে মসৃণ করতে কলার খোসার ভেতরের অংশ লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শুকিয়ে এলে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মোলায়েম হবে।
জুতার দাগ তুলতেও কলার খোসা ব্যবহার করতে পারেন। পাকা কলার খোসার ভেতরের অংশ জুতার ওপর কিছুক্ষণ ঘষুন। তারপর পাতলা কাপড় দিয়ে মুছে নিলে জুতা পরিষ্কার হবে।
আলুর খোসা: আলু রান্নার অন্যতম প্রধান উপকরণ। মাছ, মাংস, সবজি সব রান্নাতেই আলু লাগে। আলুর খোসা সৌন্দর্যচর্চার কাজে লাগাতে পারেন। চোখের নিচে থাকা কালি বা ফোলাভাব দূর করতে কার্যকর এনজাইম ও ভিটামিন-সি সমৃদ্ধ আলুর খোসা। আলুর খোসা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে ১০ মিনিট চোখের ওপর রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন। এতে চোখের নিচে কালো ভাব দূর হবে। লেবুর খোসা: ভিটামিন-সি সমৃদ্ধ লেবু স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এর খোসাও অনেক কাজে লাগে। ঘরের পোকামাকড় দূর করতে কার্যকর লেবুর খোসা। লেবুর খোসা কুচি করে অথবা শুকিয়ে গুঁড়া করে ছিটিয়ে দিন ঘরের কোণে। এটি পোকামাকড় তাড়াতে সাহায্য করবে।
কমলার খোসা: ভিটামিন-সি সমৃদ্ধ কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর খোসাও নানা কাজে ব্যবহার করা যায়। এ জন্য কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। টক দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ফেসপ্যাক হিসেবে। এ ছাড়া খাবারে সুগন্ধি ফ্লেভার আনতে অরেঞ্জ পিল পেস্ট বা কমলার খোসা কুচি করে মেশাতে পারেন। বিভিন্ন ধরনের সালাদেও এই খোসা কুচি মেশানো যায়। এতে খাবারের স্বাদ বাড়বে।।
