ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

অন্দর

অ্যাকুয়ারিয়ামে রঙিন মাছ

অ্যাকুয়ারিয়ামে রঙিন মাছ
×

শৈলী ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ০৫:৫৪

বসার ঘরের একপাশে স্বচ্ছ কাচের ভেতরে সাঁতরে বেড়াচ্ছে লাল, নীল, হলুদসহ বিভিন্ন রঙের মাছ। সেখানেই তারা খাবার খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আনন্দ করছে। আপনার ঘরের কোণে যোগ হয়েছে নন্দন। ব্যাপারটি দারুণ না? অ্যাকুয়ারিয়ামে রঙিন মাছ অনেকেই পালন করে থাকেন। আজকাল হোটেল, রেস্টুরেন্টেও মাছের অ্যাকুয়ারিয়াম দেখা যায়। তবে অনেকেই জানেন না অ্যাকুয়ারিয়ামে কী কী মাছ রাখতে হয় এবং কীভাবে মাছ বাঁচিয়ে রাখতে হয়।
অনেক সময় যত্নের অভাবে পানিতে শ্যাওলা জমে। পানি দূষিত হয়ে যায়। কিছুদিন পরপর মাছ মরে যায়। যারা নতুন সংসার শুরু করেছেন কিংবা যারা নতুন করে ঘরে মাছের অ্যাকুয়ারিয়াম রাখতে চান, তারা জেনে নিতে পারেন অ্যাকুয়ারিয়ামে কী কী মাছ রাখা যেতে পারে, মাছের সঙ্গে আর কোন কোন জিনিস রাখলে অ্যাকুয়ারিয়াম দৃষ্টিনন্দন লাগবে, কীভাবে যত্ন নিলে মাছ মরবে না ইত্যাদি।
অনলাইন পেজ ফিশ অ্যাকুয়ারিয়াম বিডির স্বত্বাধিকারী তানভীর ইসলাম রাজীব জানান, অ্যাকুয়ারিয়ামে গোল্ড ফিশ, ওরেন্টা গোল্ড, সিল্কি কই, ফ্লাওয়ারহর্ন ফিশ, কমেট, কই কার্ভ, মলি, গাপটি, অ্যাঞ্জেল, টাইগার শার্ক প্রভৃতি বর্ণিল মাছ রাখতে পারেন। স্বচ্ছ জলে এসব রঙিন মাছের চলাচল দেখলে চোখ জুড়িয়ে যায়। ক্লান্ত মনও শীতল হয়।
অ্যাকুয়ারিয়াম সাজানোর জন্য বিভিন্ন রংবেরঙের পাথর, বালু, কৃত্রিম ও প্রাকৃতিক গাছ ব্যবহার করা যেতে পারে। অ্যাকুয়ারিয়ামে আলো জ্বালানোর জন্য এনার্জি সেভিং বাল্ব, হ্যালোজেন বাল্ব পাওয়া যায়। বেছে নিতে পারেন ইলেকট্রিক ওয়াটার হিটার। দোকান থেকে অ্যাকুয়ারিয়াম স্ট্যান্ডসহ প্রায় ২০ ধরনের মাছ কেনা যায়। আবার আলাদা মাছও কেনা যায়। কাচের গোলাকৃতি, ডিম্বাকৃতি, আয়তাকৃতির জার ও গ্লাস আছে। অ্যাকুরিয়ামের বিভিন্ন দোকানে সেসব জার, গ্লাস ও স্ট্যান্ড পাওয়া যায়।
যে কারণে মাছ মারা যায়
তানভীর জানান, সাধারণত দিনের পর দিন পানি পরিষ্কার না করা হলে, অক্সিজেনের মাত্রা ঠিক না থাকলে, প্রয়োজনের অতিরিক্ত খাবার দিলে তা খেতে খেতে মাছ মারা যায়। অল্প জায়গায় অধিক মাছ রাখলে, সুস্থ মাছের সঙ্গে অসুস্থ মাছ রাখলে, পানির তাপমাত্রা, পিএইচ, খরতা সঠিক না থাকলেও মাছ মারা যায়।
যত্ন: শীতকালের তুলনায় গ্রীষ্মকালে মাছের যত্ন নেওয়া সহজ। এসিযুক্ত ঘরে অ্যাকুয়ারিয়াম থাকলে মাছের সমস্যা হবে না। যে ঘরে এসি নেই, সে ঘরে অ্যাকুয়ারিয়ামের ঢাকনা খোলা রাখুন। সম্ভব হলে অ্যাকুয়ারিয়ামে ফ্যান যুক্ত করুন। প্লাস্টিকের প্লান্টের তুলনায় জীবন্ত গাছের পরিমাণ বাড়িয়ে দিন। মাছকে কখনোই অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। মাছ বাঁচাতে পরিমিত খাবার দিন। অক্সিজেনের ঘাটতি এড়াতে দিনের বেশির ভাগ সময় এয়ার পাম্প অন রাখুন। অ্যাকুয়ারিয়ামের পানি ১৫ দিন পরপর বদলে দিন।
দরদাম
রাজধানীর কাঁটাবনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে পছন্দ অনুযায়ী অ্যাকুয়ারিয়াম কিনতে পারবেন। স্ট্যান্ড, গ্লাস, ঢাকনা, বাল্ব ও অন্যান্য সবকিছু মিলিয়ে দেড় ফিটের অ্যাকুয়ারিয়াম কেনা যাবে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৯০০ টাকায়। ২ ফিটের অ্যাকুয়ারিয়ামের ফুল সেটআপ কেনা যাবে ৪ হাজার ৮০০ টাকায়। ৩ ফিটের অ্যাকুয়ারিয়ামের ফুল সেটআপ কেনা যাবে ৫ হাজার ৮০০ টাকায়। এ ছাড়া ২৫০ থেকে ৮০০ টাকার মধ্যে স্ট্যান্ড ছাড়া বিভিন্ন ধরনের অ্যাকুয়ারিয়াম পাওয়া যাবে। ছোট-বড় অনেক ধরনের জার পাওয়া যায় বাজারে। সেগুলো ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে কেনা যাবে। অনলাইনের বিভিন্ন পেজ থেকেও কেনা যাবে পছন্দের অ্যাকুয়ারিয়াম। v

আরও পড়ুন

×