কাছে আসার নতুন গল্প
এক গুচ্ছ কদম স্বল্পদৈর্ঘ্য সিনেমায় প্রান্ত ও পারশা
নন্দন প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ১৪:১২
যে কোনো উৎসব-আয়োজনে ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকের অন্যরকম আগ্রহ। প্রতি বছর বিশেষ দিবস এলেই দর্শক কাজগুলো দেখার অপেক্ষা করে থাকেন। এক টানা অনেক বছর পূর্ণদৈর্ঘ্য নাটক এলেও গেল বছর থেকে প্রতি মাসেই একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে তারা। সম্প্রতি অনলাইনে এসেছে ‘নাচ-টাচ’ ও ‘একগুচ্ছ কদম’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
সংলাপহীন ৫ মিনিট দৈর্ঘ্যে চলচ্চিত্রটির ‘এক গুচ্ছ কদম’। প্রথমবারের মতো ক্লোজআপ কাছে আসার গল্প দর্শককে উপহার দিয়েছে নির্বাক চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন নবাগত আদিব বিন পারভেজ প্রান্ত ও পারশা মাহজাবীন পূর্ণী। গীতিকার ও নাট্যকার রাসেল মাহমুদের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। ক্লোজআপের সঙ্গে এই নির্মাতার এটি প্রথম কাজ। রাসেল মাহমুদ বলেন, ‘এত দিন ক্লোজআপ সংলাপসহ নাটক কিংবা চলচ্চিত্র নির্মাণ করলেও এবার আমরা প্রথমবারের মতো নির্বাক চলচ্চিত্র নিয়ে এসেছি। আমার নিজেরও একটু অন্যরকম অভিজ্ঞতা হলো এ রকম একটা সংলাপহীন গল্প লিখতে গিয়ে। গল্পটিতে আমরা ব্লু-জিনস ব্যান্ডের জনপ্রিয় গান ‘এক গুচ্ছ কদম’ ব্যবহার করেছি। চেষ্টা করছি এই গল্পগুলোর সঙ্গে বিভিন্ন ব্যান্ডের গানগুলোর একটা সংমিশ্রণ ঘটাতে। সামনেও এ চেষ্টা অব্যাহত থাকবে।’
এতে কাজের প্রসঙ্গে পারশা মাহজাবীন বলেন, নির্বাক চলচ্চিত্রে অভিনয় অনেক চ্যালেঞ্জিং। এটি একটি ভিন্নধর্মী কাজ। কোনো সংলাপ নেই। আছে শুধু ঝুমবৃষ্টি, প্রাকৃতিক পরিবেশের শব্দ ও খুদেবার্তায় আলাপ। অভিব্যক্তি দিয়ে সবকিছু বোঝাতে হয়েছে। শেষ মুহূর্তে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের হৃদয় ও অনুভূতির মিলন ফুটে উঠেছে। সারা রাত জেগে শুটিং করতে হয়েছে। কয়েক ঘণ্টা বৃষ্টিতেও ভিজেছি। নির্মাতা কাজটি আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তাই কাজটি চ্যালেঞ্জিং হলেও অনেক সহজভাবে শেষ হয়েছে। এর আগে গত মাসে ইন্টারনেটে উন্মুক্ত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাচ-টাচ’, যেখানে জুটি হয়েছেন নতুন জুটি সাদ নাওভি ও সুমনা ইয়াসমিন। এটি মুক্তির পর দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
গল্পে দেখা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে পরিচয় হয় রোহান ও নাওমির। নাচের অনুশীলন করতে গিয়ে দুজনের সখ্য হয়, পরে তা গড়ায় প্রেমে। এতে অভিনয় প্রসঙ্গে সাদ নাওভি বলেন, ‘দর্শক কাজটিকে এত বেশি পছন্দ করবেন, ভাবিনি। আমার কাছে মনে হয়, গল্পটিতে একটা সহজ-সুন্দর আবেগ আছে, সেইসঙ্গে শহুরে বাস্তবতাও আছে; যার কারণে ভালো লেগেছে।’ চলচ্চিত্র দুটি ক্লোজআপ কাছে গল্পের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।
- বিষয় :
- স্বল্পদৈর্ঘ্য
- চলচ্চিত্র
