‘আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণযোগ্য নয়’
‘জনস্বার্থ বনাম তামাক কোম্পানির প্রভাব শীর্ষক কর্মশালা। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ১৯:৩২
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন পক্রিয়ায় তামাক কোম্পানির মতামত গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। তাদের মতে, এমন পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল-এর আর্টিকেল ৫.৩ ধারার সরাসরি লঙ্ঘন এবং দেশের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির। স্টেকহোল্ডার মিটিংয়ের নামে তামাক কোম্পানির মতামত গ্রহণের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার রাজধানীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর সহযোগিতায় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘জনস্বার্থ বনাম তামাক কোম্পানির প্রভাব: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন তরান্বিতকরণে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এসব দাবি তোলা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, জনস্বাস্থ্যে তামাকের ক্ষতিকর প্রভাব কমাতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন প্রয়োজন। দুর্ভাগ্যবশত, সরকার স্টেকহোল্ডার মিটিংয়ের নামে তামাক কোম্পানির মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের দাবি করেন তিনি।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, তামাকজাত পণ্য ব্যবহারের কারণে প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন জরুরি। অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। গত এক বছরে তামাক আইন সংশোধনে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বরং তামাক কোম্পানির দ্বারা প্রভাবিত হয়েছে। অবিলম্বে সরকারকে কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত আইন অনুমোদন ও কার্যকর করতে হবে।
কর্মশালায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের উপদেষ্টা নাইমুল আজম খান, সমন্বয়ক ডা. অরুনা সরকার, সিনিয়র কমিউনিকেশনস অফিসার আবু জাফর, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- তামাক কোম্পানি
- তামাক নিয়ন্ত্রণ
