ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দেশে হিউম্যান-১ ইনসুলিনের ক্লিনিক্যাল ট্রায়াল যুগান্তকারী পদক্ষেপ: ডা. সায়েদুর

দেশে হিউম্যান-১ ইনসুলিনের ক্লিনিক্যাল ট্রায়াল যুগান্তকারী পদক্ষেপ: ডা. সায়েদুর
×

স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ২০:৫৩

দেশে হিউম্যান-১ ইনসুলিনের ক্লিনিক্যাল ট্রায়াল যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর হাজার হাজার টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশু-কিশোর উপকৃত হবে। 
 
গতকাল শনিবার রাজধানীতে ক্লিনিক্যাল ট্রায়াল সংক্রান্ত গবেষণার ফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. সায়েদুর রহমান বলেন, এই ক্লিনিক্যাল ট্রায়াল শুধু বৈজ্ঞানিক ফলাফল নয়; নীতিগত পরিবর্তনের পথও সুগম করবে। বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশে টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়নে এটি এক মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাডাসের মহাসচিব মো. সাইফ উদ্দিন। 

গবেষণার ফল উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব পিটসবার্গের গ্লোবাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. লুও জিং, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ডা. এইমহিন এনসব্রো ও মার্গারেট প্রাস্ট এবং লোকাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিডিআরসি) ডা. বেদৌরা জাবীন।

গবেষণাটির অর্থায়ন করে দি লিওনা এম অ্যান্ড হ্যারি বি. হেমসলি চ্যারিটেবল ট্রাস্ট। পুরো গবেষণা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি অব পিটসবার্গ। গবেষণা কার্যক্রমটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান বারডেমে অবস্থিত পেডিয়াট্রিক ডায়াবেটিস রিসার্চ সেন্টার (পিডিআরসি)।

৭ থেকে ২৫ বছর বয়সী টাইপ-১ ডায়াবেটিস শিশু-কিশোরদের নিয়ে পরিচালিত এই ট্রায়ালে দুই ধরনের ইনসুলিন-এনালগ (গ্লার্জিন) ও হিউম্যান ইনসুলিনের কার্যকারিতা তুলনা করা হয়। গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে বক্তারা উপাত্ত তুলে ধরেন।

তারা বলেন, গবেষণায় দেখা গেছে, ইনসুলিন (গ্লার্জিন) হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে হিউম্যান ইনসুলিনের তুলনায় বেশি কার্যকর, যা চিকিৎসা নীতিমালায় বড় পরিবর্তন আনতে পারে।

গবেষণায় শুধু চিকিৎসাগত ফলাফল নয়, আরও অন্তর্ভুক্ত ছিল শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে গভীর বিশ্লেষণ।

আরও পড়ুন

×