লিভার ক্যান্সার ঠেকাতে জাতীয় রেজিস্ট্রির তাগিদ
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০২:১২
লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং জাতীয় পর্যায়ে লিভার ক্যান্সারের রোগী নিবন্ধন ব্যবস্থা গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁদের মতে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত পরীক্ষা নিশ্চিত করা গেলে লিভার ক্যান্সারে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
গতকাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগ ও বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশে লিভার ক্যান্সারের চিকিৎসা: প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, নির্ভুল চিকিৎসা ও লিভার প্রতিস্থাপন শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার প্রতিরোধই সবচেয়ে কার্যকর কৌশল। এজন্য ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সময়মতো চিকিৎসা এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অতিরিক্ত ওজন ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের লিভার রোগের ঝুঁকি বেশি। তাই জনসংখ্যাভিত্তিক রোগী নিবন্ধন ব্যবস্থা গড়ে তুলে রোগের প্রাথমিক শনাক্তকরণে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ও গবেষণায় সমন্বিত উদ্যোগেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, লিভার চিকিৎসার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক রোগী বিদেশে যান। আন্তর্জাতিক মানের আধুনিক চিকিৎসা দেশে নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, লিভার রোগের বড় একটি অংশ প্রতিরোধযোগ্য এবং অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য। এজন্য জাতীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা, লিভার ক্যান্সারের রোগী নিবন্ধন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের গবেষণা জোরদার করা প্রয়োজন।
সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশনে লিভার ক্যান্সার পর্যবেক্ষণ: প্রাথমিক পর্যায়ের ক্যান্সার কি শনাক্ত করা যাচ্ছে? লিভার ক্যান্সারের ওষুধভিত্তিক চিকিৎসায় নতুন যুগ এবং জাতীয় লিভার ক্যান্সার নিবন্ধন ব্যবস্থা: সমন্বিত গবেষণা ও বহুবিষয়ক চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। বক্তারা লিভার ক্যান্সারের আধুনিক ওষুধভিত্তিক চিকিৎসা, লিভার প্রতিস্থাপন এবং সমন্বিত বহুবিষয়ক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।