রোজার আগে বাকিতে ৮ পণ্য আমদানির সুযোগ
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪ | ১২:৫৬
রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ৮ পণ্যে এলসি মার্জিনে শিথিলতার পর এবার বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভোজ্যতেল, ছোলা, চিনি, খেজুর, ডাল, মটর, পেঁয়াজ ও মসলা ৯০ দিনের বাকিতে আমদানি করা যাবে। আগামী মার্চ পর্যন্ত এ সুযোগ পাবেন আমদানিকারকরা। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাধারণত যে কোনো পণ্য দেশে আসার পর বিদেশি বিক্রেতার অর্থ পরিশোধ করতে হয়। তবে শিল্পে ব্যবহারিত কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি বাকিতে আমদানি করা যায়। এখন রমজানে বেশি প্রয়োজনীয় ৮টি পণ্যে ৯০ দিনের বাকিতে এলসি খোলার সুযোগ দেওয়া হলো। গত বছরও রোজার আগে একই সুবিধা দেওয়া হয়েছিল। যদিও বিদেশি বিক্রেতা বাকিতে পণ্য বিক্রি করবেন কিনা তার ওপর এ সুধিার কার্যকরিতা নির্ভর করবে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, সময়মতো আমদানির অভাবে যাতে এসব পণ্যের সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সেজন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে আমদানি ঋণপত্র (এলসি) খুললে পণ্য সময়মতো চলে আসবে। এতে পবিত্র রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে।
- বিষয় :
- পেঁয়াজ আমদানি
