ডাচ্-বাংলা ব্যাংকের রেকর্ড ৯৬৫ কোটি টাকা নিট মুনাফা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ২২:৩৪
২০২৫ সালের জন্য বেসরকারি খাতের ডাচ্–বাংলা ব্যাংক রেকর্ড ৯৬৫ কোটি টাকার নিট মুনাফা করেছে। আগের বছর এর পরিমাণ ছিল ৪৭৩ কোটি টাকা।
সে হিসেবে এবার নিট মুনাফা বেড়েছে ৪৯২ কোটি টাকা। বৃদ্ধির পরিমাণ ছিল ১০৪ শতাংশ।
এর ভিত্তিতে ব্যাংকটি এবার শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর যা ছিল ২০ শতাংশ।
ব্যাংকটি জানিয়েছে, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক।
২০২৪ সালে ব্যাংকটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
২০২৩ সালে অবশ্য ব্যাংকটির নিট মুনাফা ছিল ৮০২ কোটি টাকা। ওই বছর দেশীয় ব্যাংকগুলোর মধ্যে যা ছিল সর্বোচ্চ। তবে ২০২৪ সালে কমে ৪৭৩ কোটি টাকায় নেমে আসে। গত বছর আবার বেড়ে কর-পরবর্তী ও নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের পর রেকর্ড ৯৬৫ কোটি টাকার নিট মুনাফা হয়েছে।
২০২৫ সালের জন্য ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সা। আগের বছর যা ছিল ৪ টাকা ৯০ পয়সা।
একই সঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য বেড়ে ৬২ টাকা ১৪ পয়সা হয়েছে। ২০২৪ সালে যা ছিল ৫৩ টাকা ৩৯ পয়সা।
ব্যাংকটির ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) ১৭ দশমিক ১৩ শতাংশে উন্নীত হয়েছে। আগের বছর শেষে যা ছিল ১৩ দশমিক ৮৩ শতাংশ। ব্যাসেল–৩ অনুযায়ী, যেখানে আপদকালীন সুরক্ষা সঞ্চয়সহ ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে সাড়ে ১২ শতাংশ মূলধন রাখার বাধ্যবাধকতা রয়েছে।
- বিষয় :
- বাণিজ্য
- মুনাফা
- বেসরকারি খাত
