বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে ভিসার উদ্যোগ
ছবি: সংগৃহীত
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৭:০৯
শীর্ষ ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, নেপাল ও ভুটানে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এ উদ্যোগের মাধ্যমে তিন দেশে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উদ্ভাবন এগিয়ে নেওয়ার সম্ভাবনা যাচাই করা হবে।
গত বৃহস্পতিবার ভিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবে, যার লক্ষ্য হবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসা ও তরুণদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করা।
সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ডিজিটাল আর্থিক সচেতনতা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) ডিজিটালাইজেশন, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি জোরদারে গবেষণা ও নীতিগত সহায়তা। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক ফিনটেক ও সবুজ অর্থায়নেও উদ্ভাবনের সুযোগ খতিয়ে দেখা হবে।
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘এই সহযোগিতার মাধ্যমে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, গ্রামীণ জনগোষ্ঠী এবং তরুণদের প্রয়োজনীয় আর্থিক ও ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। এতে তারা নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও সক্ষম হবে এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বাড়াতে পারবে।’
দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ বলেন, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে এই অংশীদারত্ব বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের একটি যৌথ অঙ্গীকার। ভিসার সঙ্গে কাজের মাধ্যমে নারী উদ্যোক্তা, এমএসএমই, তরুণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং তাদের ডিজিটাল অর্থনীতিতে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা করেন।
- বিষয় :
- ভিসা
- সমঝোতা স্মারক সই
