উত্তর কোরিয়াকে কড়া বার্তা পাঠানো উচিত চীন-রাশিয়ার: যুক্তরাষ্ট্র
ছবি: কেসিএনএ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০২:৪৩ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০২:৪৩
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়াকে চীন ও রাশিয়ার কড়া বার্তা পাঠানো উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেলিনা পোর্টার শুক্রবার এ কথা বলেন। খবর রয়টার্সের।
তিনি বলেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর চীন ও রাশিয়ার উচিত, অতিরিক্ত ‘উসকানি’ থেকে বিরত থাকতে উত্তর কোরিয়াকে কড়া বার্তা পাঠানো।
উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে তিনি এ কথা বলেন।
শুক্রবার উত্তর কোরিয়া জানিয়েছে, তারা ‘নতুন ধরনের’ একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে।
এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘নির্লজ্জ’ লঙ্ঘন বলে উল্লেখ করেন পোর্টার।
২০১৭ সালের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালাল দেশটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সব দেশের প্রতি অনুরোধ জানাই, এ ধরনের লঙ্ঘনের জন্য যেন উত্তর কোরিয়াকে জবাবদিহিতার আওতায় আনা হয়। এ ছাড়া আলোচনার টেবিলে ফিরে আসার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার মধ্যে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ২০১৮ সালে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। ২০২০ সালে কিম আবার ঘোষণা দেন, তিনি আর এ স্থগিতাদেশ মানতে দায়বদ্ধ নন।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে দেওয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা।
