জিরো লাইনে প্রয়াত মাকে শেষবার দেখলেন ২ মেয়ে
মায়ের মরদেহ দেখছেন দুই মেয়ে - সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২ | ১০:২১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ | ১০:২১
ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মানবিক উদ্যোগে শেষবারের মতো ভারতীয় ভূখণ্ডে প্রয়াত মায়ের দেখা পেলেন বাংলাদেশে অবস্থানরত দুই মেয়ে।
সোমবার এক বিবৃতির মাধ্যমে গোটা ঘটনা সামনে আনে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার। বিএসএফ সূত্র প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী ঘটনাটি গত রোববারের।
বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাটিয়ারির বাসিন্দা সুকুর মণ্ডলের মা রোহতন বিবি মারা যান। কিন্তু সুকুরের দুই বোন থাকেন বাংলাদেশে। তাদের দুই বোনের কাছেই মায়ের মৃত্যুর খবর দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের বাসিন্দা হওয়ায় তারা ভারতে আসতে পারছিলেন না। এর পরই স্থানীয় বানপুর এলাকায় বিএসএফের ৫৪ নম্বর ব্যাটালিয়নের এক কমান্ডারকে বিষয়টি জানান সুকুর মণ্ডল। বিএসএফকে তিনি অনুরোধ করেছিলেন, বাংলাদেশে অবস্থানরত তার বোনেরা মৃত মাকে একবার দেখতে চান। বিএসএফ যদি এই ব্যবস্থা করে দিতে পারে, তবে তারা খুব খুশি হবেন। সদ্য মা-হারা সুকুরের এই আবেদন খারিজ করে দিতে পারেনি বিএসএফ।
বিষয়টি মানবিকভাবে দেখার আবেদন জানিয়ে বার্তা পাঠানো হয় বর্ডার গার্ড বাংলাদেশের কাছে। এরপর দ্রুততার সঙ্গে সাড়া দেয় বিজিবি। নিহত নারীর দুই মেয়েকে নিয়ে সীমান্তে হাজির করে বিজিবি। জিরো লাইনের প্রয়াত মাকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয়।
- বিষয় :
- সীমান্ত রক্ষী
- মানবিক উদ্যোগ
- দুই মেয়ে