'শুধু আমার নয়, ও সবার ছেলে', বললেন নোবেলজয়ী অভিজিতের মা
অভিজিৎ ব্যানার্জি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৭:১৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ | ০৯:১৪
অর্থনীতিতে ১৯৯৮ সালে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। এবার তারই ছাত্র অভিজিৎ ব্যানার্জির নামও যুক্ত হলো সেই তালিকায়।
বৈশ্বিক দারিদ্র্য লাঘবে অবদান রাখায় এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।
পুরস্কার ঘোষণার পর অভিজিৎ ব্যানার্জির মা নির্মলা ব্যানার্জি সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার ছেলে নয়, ও সবার ছেলে।’
নোবেল পুরস্কারের অফিশিয়াল পেইজে জানানো হয়েছে, অভিজিতের জন্ম ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে। তবে কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অভিজিতের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়।
অভিজিৎ ব্যানার্জির মা নির্মলা ব্যানার্জিও কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক ছিলেন। বাবা দীপক ব্যানার্জি ছিলেন কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির অধ্যাপক।
অভিজিৎ–এর গবেষণার বিষয় নিয়ে নির্মলা ব্যানার্জি বলেন, দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য কাজ করেছে অভিজিৎ। ওর গবেষণার বিষয় নিয়ে প্রায়ই আমার সঙ্গে কথা বলে। দৈনন্দিন জীবনে দারিদ্র্যের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যেতে পারে, সেই বিষয়টি নিয়ে পরীক্ষামূলক গবেষণা করেছিল অভিজিৎ। খবর আজকালের।
তার গবেষণার ফলে ৫০ লাখেরও বেশি ভারতীয় শিশুর উপকার হয়েছে। নির্মলা জানিয়েছেন, সামনের মাসেই কলকাতায় আসার কথা অভিজিতের।
টুইটারে নোবেলজয়ী ত্রয়ীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, রামচন্দ্র গুহ, কৈলাস সত্যার্থী প্রমুখ।
অভিজিৎ ব্যানার্জিকে টুইটারে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতে আরও এক বাঙালি বাংলার মুখ উজ্জ্বল করলেন। অভিজিৎ–কে অনেক শুভেচ্ছা। আরেক বাঙালি দেশকে গর্বিত করলেন। আমরা উচ্ছ্বসিত।’
এ বছর অর্থনীতিতে অভিজিতের সঙ্গে নোবেল পেয়েছেন আরও দুইজন। তারা হলেন, অভিজিতের স্ত্রী এস্তার দুফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।
