নিউ ইয়র্কে আগ্নেয়াস্ত্র আইন পরিবর্তনে নতুন পদক্ষেপ
নিউ ইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২২ | ১১:১৯ | আপডেট: ০৯ জুন ২০২২ | ১১:২৩
যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করতে বারবার বার্তা দিয়ে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার প্রেসিডেন্টের সেই বার্তায় সাড়া দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গত ৭ জুন গোটা প্রদেশের আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন আনার জন্য বেশ কয়েকটি বিলে সই করেছেন ডেমোক্র্যাটিকে পার্টির এই নেত্রী। যার মধ্যে অন্যতম হল সেমিঅটোম্যাটিক রাইয়েল কেনার সময়সীমা বৃদ্ধি।
মাসখানেক আগে নিউ ইয়র্কের বাফেলোয় একটি সুপার মার্কেটে গুলি চালিয়ে ১০ জন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছিল ১৮ বছর বয়সী এক শ্বেতাঙ্গ। পুলিশের গুলি থেকে আত্মরক্ষার জন্য হামলার সময় বুলেট প্রুফ জ্যাকেটও পরেছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুই সপ্তাহ আগে টেক্সাস প্রদেশের উভালডেতে একটি প্রাথমিক স্কুলে হামলা চালায় আরেক বন্দুকধারী।
গত ৭ জুন সিনেটে নতুন বিল পাসের পর ক্যাথি বলেন, এরপরে এই প্রদেশে বন্দুকের হামলায় মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করছি। নতুন এই বিল আইনে পরিণত হতে ৩০ থেকে ৯০ দিন সময় লাগবে বলে আইনজ্ঞরা জানিয়েছেন।
