ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোতাবায়ার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন, স্পিকার বলছেন দেশেই আছেন

গোতাবায়ার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন, স্পিকার বলছেন দেশেই আছেন
×

গোতাবায়া রাজাপাকসে। ছবি: বিবিসি অনলাইন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২২ | ২১:৩৯ | আপডেট: ১১ জুলাই ২০২২ | ২১:৩৯

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। সোমবার দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি বিমানঘাঁটিতে তাকে নেওয়া হয়েছিল। এরপরই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন উঠে।

গত শনিবার হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী কলম্বোয় প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢোকে পড়েন। যদিও বিক্ষোভকারীরা সেখানে প্রবেশের কিছুক্ষণ আগে দেশটির নৌবাহিনীর সদস্যদের নিরাপত্তায় প্রাসাদ ছেড়ে পালান গোতাবায়া রাজাপাকসে। খবর এএফপির। 

এদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে টেলিফোনে বলেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো দেশেই আছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আমি ভুল করেছিলাম। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে স্পিকার বলেছিলেন গোতাবায়া দেশ ছেড়েছেন এবং পার্শ্ববর্তী একটি দেশে গেছেন। বুধবার প্রেসিডেন্ট আবার দেশে ফিরবেন।

অন্যদিকে শনিবার বিক্ষোভকারীরা টেম্পল ট্রিতে ঢোকার কয়েক ঘণ্টা পরই পার্লামেন্টের স্পিকার ঘোষণা দেন ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে’ রাজাপাকসে বুধবার পদত্যাগ করবেন। 

গোতাবায়ার অবস্থান সম্পর্কে দেশটির শীর্ষ স্থানীয় এক প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ৭৩ বছর বয়সী গোতাবায়া প্রথমে নৌবাহিনীর একটি স্থাপনায় আশ্রয় নিয়েছিলেন। পরে তাঁকে কাতুনায়েকে বিমানঘাঁটিতে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, গোতাবায়া ও তাঁর অনুগত আরও কিছু লোকজন দুটি ছোট উড়োজাহাজে আবার কলম্বো ফিরেছেন।

গোতাবায়া রাজাপাকসে প্রকৃতই কোথায় আছেন সে সম্পর্কে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। যদিও স্থানীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে গোতাবায়ার দুবাই যাওয়ার কথা।

আরও পড়ুন

×