আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে চীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২২ | ০৮:১৬ | আপডেট: ০৫ আগস্ট ২০২২ | ০৯:৫৭
মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীন আমেরিকান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সাথে সমস্ত যোগাযোগ এবং সংলাপ স্থগিত করেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই দেশের সেনাবাহিনীর সিনিয়র কম্যান্ডার পর্যায়ে নিয়মিত যে সংলাপ চলে তা স্থগিত করা হচ্ছে। খবর বিবিসির।
সেইসঙ্গে জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অবৈধ অভিবাসী প্রত্যর্পণসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান সহযোগিতাও স্থগিত করার কথা ঘোষণা করেছে চীন।
ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে চীন, কারণ তাইওয়ানকে তারা অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করে।
পেলোসির ওপর নিষেধাজ্ঞা
মার্কিন সরকারের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ এবং সহযোগিতা স্থগিত করার পাশাপাশি পেলোসি এবং তার ঘনিষ্ঠ স্বজনদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং।
শুক্রবার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, 'পেলোসি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছেন, চীনের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা খর্ব করেছেন, আমেরিকার 'এক চীন নীতি' পায়ে দলেছেন, এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মক হুমকিতে ফেলে দিয়েছেন।'
