এক দিনে ৮০ হাজার কোটি টাকা লোকসান বেজোসের, মাস্কের ৭০ হাজার কোটি
একই দিনে কারও লাভ, কারও লোকসান। ছবি: সংগৃহীত।
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩১
শেয়ারবাজারে এক দিনে ৮০ হাজার কোটি টাকা খুইয়ে বসলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মতোই লোকসানের মুখে পড়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক। তাঁর লোকসান হয়েছে ৭০ হাজার কোটি টাকা। দুই ধনকুবেরের এই বিপুল লোকসানের খবর দিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স।
এ ছাড়া লোকসানের ঘরে রয়েছেন মার্ক জাকারবার্গ, ল্যারি পেজ, সার্গেই ব্রিন এবং স্টিভ বলমার। তাঁদের প্রত্যেকেরই এক দিনে ৪০০ কোটি ডলার করে লোকসান হয়েছে। যদিও গৌতম আদানি এবং মুকেশ আম্বানিদের মতো ভারতীয় ধনকুবেররা লোকসানের বদলে বিপুল লাভ করেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরের দৈনিক লাভ-লোকসানের খতিয়ান রাখে এই সূচক।
ব্লুমবার্গের এই তালিকায় দুজন ভারতীয় রয়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আম্বানি এবং আদানি শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা গৌতম আদানি। ব্লুমবার্গের পরিসংখ্যান জানিয়েছে, এক দিনে ৯ হাজার ৭৭৫ কোটি টাকার মুনাফা করেছেন আম্বানি। অন্যদিকে, বিশ্বের তৃতীয় ধনী আদানির পকেটে ঢুকেছে ১২ হাজার ৫৫৬ কোটি টাকা।
যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার মুদ্রাস্ফীতির রিপোর্ট প্রকাশ করে। প্রত্যাশার তুলনায় বেশি হারে মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এক ধাক্কায় শেয়ারবাজারে ধস নামে বেশ কয়েকজন ধনকুবেরের।
- বিষয় :
- ধনকুবের
- মুদ্রাস্ফীতি
- শেয়ারবাজার
