ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আজারবাইজান-আর্মেনিয়ায় লড়াই চলছেই

আজারবাইজান-আর্মেনিয়ায় লড়াই চলছেই
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০

প্রাণঘাতী সংঘাতে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হওয়ার এক দিন পরই আবার সংঘর্ষে জড়িয়েছে সাবেক দুই সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজান ও আর্মেনিয়া। সোমবার রাতভর সংঘর্ষে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত আর্মেনিয়ান ৪৯ এবং আজারবাইজানের ৫০ সেনা নিহত হয়। এর পর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হলেও এক দিন পর গতকাল বুধবার ফের সংঘর্ষে জড়িয়েছে দেশ দুটি। খবর রয়টার্সের।

সহিংসতার জন্য ইয়েরেভান ও বাকু- উভয়েই একে অপরকে দায় দিয়েছে আর রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সামরিক বাহিনী যখন ইউক্রেন আক্রমণ নিয়ে ব্যস্ত, তখন এই দুই প্রতিবেশী দেশ ফের বড় ধরনের সশস্ত্র সংঘাতে জাড়িয়ে পড়তে পারে- এমন শঙ্কা দেখা দিয়েছে।

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়ে গেলে তা রাশিয়া ও তুরস্কের মতো শক্তিকে এ সংঘাতে টেনে আনার ঝুঁকি তৈরি করবে আর তেল ও গ্যাসবাহী পাইপলাইন যাওয়ার গুরুত্বপূর্ণ একটি করিডোরকে অস্থিতিশীল করে তুলবে। ঠিক ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে যেমনটি হচ্ছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার আজারবাইজানকে অভিযুক্ত করে বলেছে, তারা কামান, মর্টার ও ছোট অস্ত্র নিয়ে নতুন করে হামলা শুরু করেছে। আজারবাইজান তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা শুরু করেছে, ফের এমন অভিযোগ জানিয়ে আর্মেনিয়া বলেছে, সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে আছে।

অন্যদিকে আজারবাইজান বলেছে, আজারবাইজানের সামরিক ইউনিটগুলোর ওপর মর্টার ও কামানের গোলা ছুড়ছে তারা। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মুহূর্তে আমাদের অবস্থানগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে গুলি চালানো হচ্ছে।

আরও পড়ুন

×