অ্যাকুয়ারিয়ামে জেলিফিশ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৫৩
স্বচ্ছ প্রাণী জেলিফিশ। সমুদ্রে এদের বসবাস। এরা অনেকের কাছেই পরিচিত। সাগরতলে ঘুরে বেড়ানো এ প্রাণীগুলো যেমন সুন্দর তেমনি অদ্ভুত। মজার ব্যাপার, জেলিফিশকে মাছ বলা হলেও এরা কিন্তু মাছ নয়। এরা অমেরুদণ্ডী প্রাণী। এর চলার ধরনও অন্য সব প্রাণী থেকে একেবারে আলাদা।
জেলিফিশ নিজের শরীরকে গুটিয়ে নিয়ে পেছনের দিকে ধাক্কা দেয়। আর তাতেই শরীর সামনে চলে যায়। এভাবে ঘষে ঘষে চলতে অন্য প্রাণীর চেয়ে এর শক্তি অনেক কম ব্যয় হয়। বিশেষজ্ঞরা বলে থাকেন, এ কারণে শরীরের ১ শতাংশ পেশি নিয়েও দিব্যি চলতে পারে জেলিফিশ। ভিন্নরকম শারীরিক গঠনের নরম ও তুলতুলে এসব প্রাণী অনেকেই রাখেন অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্যবর্ধনের জন্য। অনেকে আবার প্রাকৃতিক পরিবেশেই এদের দেখতে ভালোবাসেন।
এবার জেলিফিশের জন্য প্রগাঢ় অনুরাগের উদাহরণ তৈরি করেছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। রাজধানী প্রাগে নানা আকার, রঙ ও জাতের জেলিফিশের সবচেয়ে বড় অ্যাকুয়ারিয়াম গড়ে তোলা হয়েছে। সেখানে ভিড় করছেন জেলিফিশ অনুরাগীরা। তাদের রূপে মোহিত হতে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেখানে।
অ্যাকুয়ারিয়ামটি দেখতে চাইলে ছুটে যেতে হবে প্রাগের আরকাদি পানর্যাক মার্কেটে। ভবনের ছাদে অ্যাকুরিয়ামের চারপাশে অ্যানিমেটেড প্রজেকশন ও ছবির মাধ্যমে সমুদ্র তলদেশের রঙচঙে আবহ ফুটিয়ে রাখা হয়েছে। দর্শকদের মনে হবে, সমুদ্রের তলে হাঁটতে হাঁটতে জেলিফিশের রাজ্যে ঢুকে পড়েছে। অন্তত ১০ হাজার জেলিফিশ সেখানে দেখা যাবে।
এই জেলিফিশ রাজ্যের পরিচালক ভোজটেক প্লুহার বলেন, আরকাদি পানর্যাক মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় এমনভাবে ভবনটির কাঠামো গড়ে তোলা হয়েছে, যাতে এখানে আসা দর্শকরা সমুদ্রের এই অদ্ভুত বাসিন্দাদের দেখার চমৎকার একটি পরিবেশ পায়। সূত্র: গালফ নিউজ
- বিষয় :
- জেলিফিশ
- অ্যাকুয়ারিয়াম
