উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: মিত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
২০১৭ সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তৈরি করে উত্তর কোরিয়া- আলজাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ২২:২২ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ২২:২২
জাপানের ওপর দিয়ে গতকাল মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো পরিস্থিতিতে মিত্রদের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে পিয়ংইয়ংয়ের কর্মকাণ্ডকে 'বিপজ্জনক ও বেপরোয়া' বলে আখ্যায়িত করেছে দেশটি। গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র তার সব শক্তি দিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। তবে একই সঙ্গে জানানো হয়েছে, পিয়ংইয়ংয়ের সঙ্গেও আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা খোলা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন বলেন, পিয়ংইয়ং স্পষ্টভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তাঁর জাপানি ও দক্ষিণ কোরিয়ার সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন।
এদিকে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে যাবে বুঝতে পেরে দেশটির সরকার সতর্কতা জারি করে। জাপান সরকার হোক্কাইডো দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।
