ইউক্রেন সংকট
ভূখণ্ড ছেড়ে শান্তিচুক্তি নয়: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:৩৬
দেশের কোনো ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইউক্রেন। রুশ হামলার বছরপূর্তি উপলক্ষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দেন, এটি করা হলে মস্কো আরও সুযোগ পাবে। খবর আলজাজিরা ও গার্ডিয়ানের।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের জয়ের বিকল্প নেই উল্লেখ করে পশ্চিমা মিত্রদের দ্রুত আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনে রুশ হামলার বর্ষপূর্তি উপলক্ষে ইউক্রেন যুদ্ধই থাকছে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু। এরই মধ্যে ন্যাটো সেক্রেটারি জেনস স্টলটেনবার্গসহ ইউরোপীয় নেতারা সম্মেলনে অংশ নিয়েছেন। অংশ নেবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও চীনা শীর্ষ কর্মকর্তাসহ বিশ্বনেতারা।
জেলেনস্কি বলেন, পশ্চিমা মিত্ররা যত দ্রুত অত্যাধুনিক অস্ত্র দেবে, শান্তি তত দ্রুত প্রতিষ্ঠিত হবে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক শুক্রবার বলেছেন, রুশ সেনারা পিছু হটলেই কেবল আলোচনা হতে পারে, অন্যথায় নয়। তাঁর মতে, সেনা পুরোপুরি প্রত্যাহার ছাড়া আলোচনা মানে মস্কোকে পুনর্গঠনের সুযোগ সৃষ্টি করে দেওয়া।
ইউক্রেনের পূর্বাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এরই মধ্যে বাখমুত ও খেরসনে বেশ কয়েকজন নিহত হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর এক বছরপূর্তির আগেই বাখমুত দখলে নেওয়ার লক্ষ্যে হামলা জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হামলার বার্ষিকীতে শান্তি ভাষণ দেবেন বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রোমে নিযুক্ত চীনা কূটনীতিক ওয়াং ই তাঁকে বিষয়টি জানিয়েছেন।
এদিকে, শুক্রবার প্রতিবেশী বেলারুশ ভ্রমণে যান পুতিন। দেশটির রাজধানী মিনস্কে দুই নেতা বৈঠক করবেন। বেলারুশের রাষ্ট্রপতি বাইডেনকে 'শান্তি আলোচনা'র জন্য আমন্ত্রণ জানানোর পর তাঁদের সাক্ষাৎ হচ্ছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই নেতার। গত ডিসেম্বরেও তাঁরা সাক্ষাৎ করেছিলেন।
- বিষয় :
- জেলেনস্কি
- রুশ
- শান্তিচুক্তি
- রাশিয়া
- ইউক্রেন
