সীমান্তে গোলাগুলি: ৩ ভারতীয় ও ৭ পাকিস্তানি নিহতের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০১:২২ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ০৭:৩৩
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে দুই ভারতীয় সেনা ও এক বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। অন্যদিকে, ভারতীয় সেনার হামলায় ছয় পাকিস্তানি বেসামরিক ও এক সেনা নিহত হয়েছেন বলে ইসলামাবাদ জানিয়েছে।
রোববার কুপওয়ারার টানগড় সেক্টরের এ হামলায় আরও তিন ভারতীয় আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতীয় গোলার আঘাতে সাত বেসামরিক পাকিস্তানি নিহত ও নয়জন আহত হয়েছেন।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এটি অন্যতম প্রাণঘাতি ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান গোলাবর্ষণ করেছে। আমরাও পাল্টা জবাব দিয়েছি।
অন্যদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীর অঞ্চলের মুজাফফরাবাদ ও নীলম জেলায় বেসামরিক হতাহতের ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দার।
ভারত জানিয়েছে, আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই সীমান্তরেখায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে পাকিস্তানের গুলি চালানোর ঘটনা ঘটেছে।
গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করার ঘটনা ঘটে যথাক্রমে ২৯৬, ৩০৭ ও ২৯২টি। এছাড়াও সেপ্টেম্বরে গোলা ছোড়ার ঘটনা ঘটেছে ৬১টি।
ভারতের এক মুখপাত্র জানিয়েছেন, ২০০৩ সালের যুদ্ধবিরতি সমঝোতা মেনে চলার জন্য বার বার পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে ভারত।
- বিষয় :
- জম্মু ও কাশ্মীর
- ভারত
- নিহত
- পাকিস্তানি
- নিয়ন্ত্রণ রেখা
