বিশ্বব্যাপী সুদহার নির্ধারণে লাইবর যুগের শেষ
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৩ | ১৫:৫৭ | আপডেট: ৩০ জুন ২০২৩ | ১৫:৫৮
প্রায় চার দশক পর আন্তর্জাতিকভাবে সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেটের (লাইবর) ব্যবহার শেষ হয়ে যাচ্ছে আজ শুক্রবার। খবর: রয়টার্স’র।
অন্যদিকে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (সোফর) নামে নতুন ব্যবস্থা এরই মধ্যে বাংলাদেশসহ অনেক দেশে চালু হয়ে গেছে। আগামীকাল শনিবার থেকে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে।
১৫টি ব্যাংক বর্তমানে লাইবর রেট নির্ধারণে কাজ করছে। এগুলো হলো- ব্যাংক অব আমেরিকার লন্ডন শাখা, বার্কলেস ব্যাংক, সিটি ব্যাংক এনএ’র লন্ডন শাখা, কো-অপারেটিভ রবো ব্যাংক, ক্রেডিট অ্যাগ্রিকোল কো-অপারেটিভ অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক, ক্রেডিট সুইসের লন্ডন শাখা, ডয়েচে ব্যাংকের লন্ডন শাখা, এইচএসবিসি, জেপি মরগ্যান চেজ ব্যাংকের লন্ডন শাখা, লয়ডস ব্যাংক, এমইউএফজি ব্যাংক, রয়্যাল ব্যাংক অব কানাডা, এসএমবিসি ব্যাংক ইন্টারন্যাশনাল, ইউবিএস এজি ও নোরিনচুকিন ব্যাংক।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক যৌথভাবে বিশ্বখ্যাত বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে অল্টারনেট রেফারেন্স রেটস কমিটি (এআরআরসি) গঠন করে। এআরআরসিই সিদ্ধান্ত নেয়, লাইবরের একটি ভালো বিকল্প হতে পারে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (সোফর)। এটি হতে হবে মার্কিন ডলারভিত্তিক ঋণ গ্রহণের ক্ষেত্রে। ফোরামটি ২০১৮ সালে এর কার্যক্রম বাড়ায় এবং ২০২১ সালে এসে সোফর কার্যকরে দৃঢ় অবস্থান নেয়।
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ ২০২১ সালের ২২ জুলাই লাইবরের পরিবর্তে সোফর ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
