বাগদাদে সুইডিশ দূতাবাসে ক্ষুব্ধ জনতার আগুন
বাগদাদের সুইডেন দূতাবাসে হামলার কয়েক ঘণ্টা পর আবারও সমবেত হন প্রতিবাদকারীরা। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২১ জুলাই ২০২৩ | ০০:৩৪
সুইডেনে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনার খবরে বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত প্রতিবাদকারীরা। বৃহস্পতিবার ভোরে শত শত বিক্ষুব্ধ জনতা বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত দূতাবাসটির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। খবর রয়টার্সের।
ঈদের ছুটিতে সুইডেনে পবিত্র কোরআনের একটি অনুলিপিতে আগুন দেয় এক ব্যক্তি। ওই ঘটনার প্রতিবাদে ইরাকের শিয়া ধর্মগুরু মুক্তাদা আল সদর এই বিক্ষোভের ডাক দেন।
সদরকে সমর্থনকারী জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল ওয়ান বাগদাদে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দূতাবাসের চারপাশে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছে। কিছুক্ষণ পর দূতাবাস কমপ্লেক্সের একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনায় মন্তব্য করতে অস্বীকৃতি জানান সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
