ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রোমান সাম্রাজ্যের আবহে বদ্ধ খাঁচায় লড়বেন মাস্ক-জাকারবার্গ?

রোমান সাম্রাজ্যের আবহে বদ্ধ খাঁচায় লড়বেন মাস্ক-জাকারবার্গ?
×

ইলন মাস্ক (বাঁয়ে) ও মার্ক জাকারবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ০৮:৪৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ০৩:২৯

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে আরেক শীর্ষস্থানীয় ধনী মার্ক জাকারবার্গের সম্ভাব্য 'কেইজ ফাইট' [বদ্ধ খাঁচায় লড়াই] নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এবার জানা গেল, প্রাচীন রোমান সাম্রাজ্যের আবহে তাদের এই 'ফাইটের' আয়োজন হতে পারে ইতালিতে।

ইতালির সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ইতালির সংস্কৃতি বিষয়কমন্ত্রী জানান, একটি চ্যারিটি শো হিসেবে এই ফাইট আয়োজনের বিষয়ে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন।

টেলসা ও মেটার প্রধান নির্বাহীদের মধ্যে গত জুন থেকে 'কেইজ ফাইট' নিয়ে কথাবার্তা চালাচালি হচ্ছে। দুজনেই এ সংক্রান্ত প্রস্তাব দেওয়া ও গ্রহণের কাজটি সারেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। প্রথমে টুইটে ইলন মাস্ক বলেন, ‘আপ ফর আ কেইজ ফাইট’ বা খাঁচায় লড়াইয়ের জন্য প্রস্তুত। জবাবে জাপানি মার্শাল আর্ট জুজুৎসুতে পারদর্শী মার্ক জাকারবার্গ লেখেন, ‘সেন্ড মি দ্য লোকেশন’, বা লড়াইয়ের স্থানটি জানান।

এরপর থেকেই টেক বিশ্বের এই দুই শীর্ষ নেতার সম্ভাব্য 'কেইজ ফাইট' নিয়ে চলছে জোর আলোচনা। মাঝে জানা গিয়েছিল, তাদের এই ফাইট যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হতে পারে। তবে এবার জানা গেল ইতালিতে রোমান সাম্রাজ্যের আবহে এই লড়াইয়ের আয়োজন করা হতে পারে।

সম্ভাব্য এই লড়াই কবে হতে পারে সে বিষয়টি নিয়ে ইলন মাস্ক বা মার্ক জাকারার্গের মধ্যে এখনও কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সম্ভাব্য এই লড়াই সম্পর্কে নিজের স্বপ্নের কথা বিস্তারিত উল্লেখ করে ইলন মাস্ক জানিয়েছেন, তিনি ইতালির প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী‒ উভয়ের সঙ্গেই এ বিষয়ে কথা বলেছেন।

টুইটে মাস্ক লিখেছেন, 'তারা একটি ঐতিহাসিক স্থানের বিষয়ে সম্মত হয়েছেন। ক্যামেরার ফ্রেমে যা ধরা পড়বে তার সবই থাকবে প্রাচীন রোমের আদলে, কাজেই আধুনিকতার কোনো চিহ্নই সেখানে থাকবে না।'

আরও পড়ুন

×