মহাসাগরে তেজস্ক্রিয় পানি
জাপানের সি ফুডে চীনের নিষেধাজ্ঞা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৬:৫৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১৬:৫৫
ভূমিকম্প ও সুনামিতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করেছে জাপান।
বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় দুপুর ১টা ৩ মিনিটে ভূগর্ভের একটি সুড়ঙ্গ দিয়ে পানি সাগরে ফেলা শুরু করে তারা।
এর প্রতিক্রিয়ায় চীন তাৎক্ষণিকভাবে জাপান থেকে সব ধরনের সি ফুড আমদানি নিষিদ্ধ ঘোষণা করে তা দ্রুত কার্যকর করার নির্দেশ দেয়। খবর রয়টার্সের।
চীন আগে থেকেই ফুকুশিমা ও আশপাশের কয়েকটি প্রিফেকচার থেকে সি ফুড আমদানি নিষিদ্ধ করে রেখেছিল, এবার নিষেধাজ্ঞা বিস্তৃত করে পুরো জাপানকেই এর আওতায় নিয়ে এলো।
এক বিবৃতিতে চীনের এক শুল্ক কর্মকর্তা বলেছেন, চীনে রপ্তানি করা জাপানি খাদ্য ও কৃষিপণ্যে তেজস্ক্রিয় দূষণের ঝুঁকির বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন।
১২ বছর আগে ২০১১ সালে জাপানের পূর্ব উপকূলে দেশটিতে এ পর্যন্ত রেকর্ড সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা-দাইচি পারমাণবিক কেন্দ্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন কেন্দ্রটির পারমাণবিক চুল্লি গলে গিয়ে বিশাল এলাকাজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল।
