ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

এবার ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন থাইরাজা

এবার ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন থাইরাজা
×

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন-বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০০:৪০

রাজসঙ্গীর মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার দুইদিন পরেই এবার ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। 

রাজ পরিবারের সঙ্গে ন্যক্কারজনক কাজ করার অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। খবর বিবিসির। 

চাকরিচ্যুত ছয়জনের মধ্যে আছেন রাজপরিবারের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সাকলকেত চ্যান্ত্রা। এর মধ্যে আছেন এক নারী কর্মকর্তা ও রাজার দুইজন দেহরক্ষী।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে রাজ পরিবার জানায়, সরকারি পদের প্রভাব কাজে লাগিয়ে তারা নিজের এবং অন্যের স্বার্থ হাসিল করছিলেন। সেইসঙ্গে চরম অসদাচরণের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ করেন তারা।

এর আগে সোমবার রাজার প্রতি অসদাচরণ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে থাইরাজার সঙ্গী সিনেনার্ট ওঙ্গভাজিরাপাকদির মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়।

এক আনুষ্ঠানিক আদেশে বলা হয়েছে, সিনেনার্ট ওঙ্গভাজিরাপাকদি ‘উচ্চাভিলাষী’ এবং নিজেকে ‘রানির সমকক্ষ ভাবতে শুরু করেছিলেন’।

চতুর্থ স্ত্রী রানি সুথিদাকে বিয়ের পর গত জুলাইয়ে সিনেনার্টকে আনুষ্ঠানিকভাবে 'রাজসঙ্গী' হিসেবে নিয়োগ দেওয়া হয়। সিনেনার্ট একজন মেজর জেনারেল ও পেশাদার পাইলট। তিনি নার্স ও দেহরক্ষীর কাজও করতেন। 

গত জুলাইতে রাজকীয় সঙ্গী নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে একটি নজিরও গড়েন সিনেনার্ট। গত এক শতকে তিনিই প্রথম নারী হিসেবে এই উপাধি পান।



আরও পড়ুন

×