লরিতে ৩৯ মরদেহ: চালককে জিজ্ঞাসাবাদ চলছে
আটক লরিচালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৩:১৬
যুক্তরাজ্যের এসেক্সে একটি কন্টেইনার লরি থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় এর চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সেইসঙ্গে মরদেহগুলি শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ। খবর বিবিসির।
খুনের সঙ্গে জড়িত সন্দেহে লরিটির চালক ২৫ বছর বয়সী মো রবিনসনকে বুধবার আটক করে পুলিশ। রবিনসন নর্দার্ন আয়ারল্যান্ডের আর্মাগ কাউন্টির পোর্টাডাউনের বাসিন্দা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
লরিটি বেলজিয়ামের জিব্রুগা বন্দর থেকে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে টেমস নদীর পারফ্লিট নদীবন্দরে আসে। রাত ১টা পাঁচ মিনিটের একটু পরে লরিটি পারফ্লিটের বন্দর ত্যাগ করে।
এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স কর্মীরা কাছাকাছি গ্রেইস শহরের ওয়াটারগ্লেইড শিল্প পার্ক এলাকায় লরির ভেতরে মরদেহগুলি পান।
এসেক্স পুলিশের উপপ্রধান কনস্টেবল পিপা মিলস জানিয়েছেন, লরিটিকে পরে টিলবুরি ডকসের একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
লরিটি থেকে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ শনাক্তের কাজে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন মিলস।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র এই ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখতে কর্মকর্তা পাঠিয়েছে তারা।
আটক লরিটি বুলগেরিয়ায় এক আইরিশ নাগরিকের নামে নিবন্ধিত বলে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
মরদেহগুলো বুলগেরিয়ার নাগরিকদের, এমনটা হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা তার।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘটনাকে 'অকল্পনীয় বিয়োগান্তক এবং সত্যিকারের হৃদয়বিদারক’ ঘটনা হিসেবে অভিহিত করেছেন।
লরিটি কোনো পথে এসেছে সে ব্যাপারে কোনো প্রত্যক্ষদর্শী বা কারো কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
- বিষয় :
- যুক্তরাজ্য
- মরদেহ উদ্ধার
- লরি
- চালককে জিজ্ঞাসাবাদ