ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৪০
কর্মসংস্থান, উন্নত সরকারি পরিষেবা ও দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন ইরাকিরা— এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ২২:৩২ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ২৩:০৩
ইরাকে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নিহতদের অন্তত দু'জন নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার সেল দ্বারা আঘাতপ্রাপ্ত হয় বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্রে পাওয়া প্রতিবেদনে বরাত দিয়ে বিবিসি আরও জানায়, নিহতদের প্রায় অর্ধেক আধা সামরিক বাহিনী ও সরকারি কার্যালয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান।
বিক্ষোভকারীরা আরও কর্মসংস্থান, উন্নত সরকারি পরিষেবা ও দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলন করছে।
ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকজুড়ে বিক্ষোভ ও সহিংসতায় প্রায় ২ হাজার মানুষ আহত হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকেও ইরাকে একই ধরনের বিক্ষোভ শুরু হলে শক্ত হাতে তা দমন করে নিরাপত্তা বাহিনীগুলো। সেবার বিক্ষোভ সহিংসতায় প্রাণ যায় প্রায় দেড়শ' জনের।
- বিষয় :
- ইরাক
- ইরাকে বিক্ষোভ
- ইরাকে সহিংসতা