প্লাস্টিক খেয়ে মরে যাচ্ছে গরু: অমিত শাহ
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ২২:৪৫
প্লাস্টিকের ব্যাগের ব্যবহার এড়িয়ে কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার গুজরাটের আহমেদাবাদের গান্ধিনগরের কালোলের এক অনুষ্ঠানে সমজিৎ অধিকারীতা শিবিরে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কাপড়ের ব্যাগ বিতরণ করার সময় এ অনুরোধ করেন তিনি।
এ সময় কেনাকাটা করার জন্য কাপড়ের ব্যাগ ব্যবহার করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান অমিত শাহ।তিনি বলেন, জমিতে জড়ো হওয়া প্লাস্টিকের বর্জ্য বৃষ্টির জল মাটিতে মিশে যেতে দেয় না এবং গরু প্লাস্টিক খেয়ে ফেললে তারা মরেও যাচ্ছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে একটি করে ব্যাগ দেওয়া হয়েছে....আমাদের এই কাপড়ের ব্যাগটি শাকসবজি এবং মুদির দোকানের জিনিস কিনতে ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করুন।
বিজেপি নেতা আরও বলেন, প্লাস্টিকের ব্যাগ নষ্ট হতে ৪০০ বছরেরও বেশি সময় লাগে। হাজার হাজার পরিবার যদি বিকল্প ব্যবস্থা গ্রহণ করে এবং প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বন্ধ করে দেয় তবে পৃথিবী দূষণ থেকে রক্ষা পাবে।
তিনি বলেন, জাঙ্ক প্লাস্টিকের ব্যাগ বৃষ্টির জলকে মাটির মধ্যে মিশে যেতে বাধা দেয় এবং এর ফলে ভূগর্ভস্থ জলের স্তর কমে যাচ্ছে। আমরা যখন প্লাস্টিকের ব্যাগে মুড়ে খাবার ফেলে দিই তখন গরুরা সেই প্লাস্টিক খেয়ে ফেলে এবং ফলস্বরূপ, তারা মারা যায়।
অমিত শাহ বিশেষত নারীদের কেনাকাটা করার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা যদি কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেন তবেই এটি ফ্যাশনেবল হয়ে উঠবে এবং প্রত্যেকে আপনার উদাহরণ অনুসরণ করবে।