বিক্ষোভের মুখে মন্ত্রিসভা বাতিল করলেন চিলির প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ২৩:৪১ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ২৩:৫১
চিলিতে বিক্ষোভকারীদের দাবির মুখে দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা মন্ত্রিসভা বাতিল করে নতুন করে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
সেবাস্তিয়ান পিনেরা বলেন, ‘সমস্যা মোকাবেলা করতে মন্ত্রিসভা পুনর্গঠনের সিদ্ধান্ত সকল মন্ত্রীদের নোটিশ দিয়ে জানিয়েছি।’ তবে মন্ত্রিসভার রদ-বদল কী রূপ নেবে সে বিষয়ে পরিষ্কার জানা যায়নি। খবর বিবিসির
সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে শুক্রবার দেশটির রাজধানী সান্তিয়াগোতে শান্তিপূর্ণ র্যালিতে ১০ লাখের বেশি মানুষ অংশ নেয়।
সেবাস্তিয়ান পিনেরা নিজে বিক্ষোভকারীদের দাবি শুনেছেন বলে জানান। তিনি বলেন, ‘আমরা নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছি। এক সপ্তাহ আগেও চিলির অবস্থা ভিন্ন ছিল।’
সম্প্রতি সংকট মোকাবেলা করতে চিলিতে কারফিউ পর্যন্ত জারি করতে হয়েছে। এতে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয় এবং শতাধিক আহত হয়।
শুক্রবার এক টুইটে চিলির প্রেসিডেন্ট জানান, ‘আমরা সব বদল করছি। আজকের আনন্দঘন ও শান্তিপূর্ণ র্যালির মাধ্যমে ন্যায়বিচার চেয়ে চিলির জনগণ ভবিষ্যতে আশার নতুন পথ উন্মোচিত করলো।’
সান্তিয়াগোর গভর্নর কারলা রুবিলার বলেন, ‘র্যালিতে প্রায় ১০ লাখ মানুষ অংশ নিয়েছে, যা চিলির মোট জনসংখ্যার পাঁচ শতাংশ। এটা দেশের অন্যতম ঐতিহাসিক ঘটনা।’ এক টুইটে তিনি বলেন, ‘প্রতিবাদকারীরা নতুন চিলির স্বপ্ন দেখাচ্ছে।’
১৯৯০ সালের পর এটাই সেখানকার সবচেয়ে বড় আন্দোলন। হাতে পতাকা-মুখে স্লোগান দিতে দিতে প্রতিবাদকারীরা শহরটির গুরুত্বপূর্ণ সড়কের মাইলের পর মাইল শান্তিপূর্ণভাবে হেঁটে এগিয়ে যান।
প্রসঙ্গত, চিলিতে মেট্রোরেলের ভাড়া বাড়ানো, ব্যয়বহুল জীবনযাত্রা ও বিভিন্ন বৈষম্যের কারণে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের সহিংসতা বন্ধ করতে পুলিশ এবং সামরিক বাহিনী সাত হাজার মানুষকে গ্রেফতার করে। এরপর সরকার আলোচনার মাধ্যমে মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে দেয়।
- বিষয় :
- সেবাস্তিয়ান পিনেরা
- চিলি
- বিক্ষোভ
- মেট্রোরেল