সাগরে ৬৭ দিন ভেসেও জীবিত উদ্ধার
নৌকায় ভেসে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ২০:৫৩
রাশিয়ার ওখটস্ক সাগরে দুই মাসের বেশি সময় বায়ুভর্তি একটি ছোট নৌকায় ভেসে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার গণমাধ্যমে ওই ব্যক্তির নাম মিখাইল পিচুগিন (৪৬) বলা হয়েছে। মাছ ধরা নৌকার এক জেলে তাঁকে উদ্ধার করে এনেছেন। খবর রয়টার্সের।
যে নৌকা থেকে মিখাইলকে উদ্ধার করা হয়েছে, সেই নৌকাতেই তাঁর ভাই এবং ১৫ বছর বয়সী ভাতিজার মরদেহ পাওয়া গেছে। গত আগস্টের শুরুতে সাগরে ভ্রমণে বেরিয়েছিলেন তারা। যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মিখাইলকে খুঁজে পাওয়া যায়।
রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে মিখাইলের স্ত্রী বলেন, তিনজন সাগরে তিমি দেখতে বেরিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন দুই সপ্তাহের খাবার। শারীরিক ওজন বেশি হওয়ার কারণেই সম্ভবত এতদিন যথেষ্ট খাবার না খেয়েও মিখাইল বেঁচে গেছেন। সাগরে ভ্রমণে বেরোনোর সময় তাঁর ওজন ছিল ১০০ কেজি। আর ৬৭ দিন পর যখন তাঁকে উদ্ধার করা হলো, তখন তাঁর ওজন অর্ধেকে নেমে গিয়েছিল।
তিনি আরও বলেন, আমরা এখনও এর বেশি কিছু জানি না। কেবল জানি, সে বেঁচে আছে ... এটি অলৌকিক। তাদের মেয়েরও ওই ভ্রমণে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
রিয়া নভোস্তিক জানায়, তিনজন নিখোঁজ হওয়ার পর একটি হেলিকপ্টার তাদের খুঁজতে বের হলেও কোনো সন্ধান পায়নি। গত সোমবার একটি মাছ ধরার নৌকা কামচাটকা উপদ্বীপের উপকূলে ওখটস্ক সাগরে মিখাইলদের নৌকাটি দেখতে পায়।
- বিষয় :
- রাশিয়া
- সাগরে ডুবে মৃত্যু