তিন-চতুর্থাংশ মার্কিন নাগরিক এখন স্থূল
ছবি: সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ২০:৫০
যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় তিন-চতুর্থাংশ অতিরিক্ত ওজন বা স্থূল। অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে এবং আয়ু কমতে পারে। গত বৃহস্পতিবার দ্য ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কারণ, এটি স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতির ওপর অস্বাভাবিক চাপ তৈরি করছে।
নতুন গবেষণায় ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ওজন বা মেদবহুল হওয়ার হার দ্রুত বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। সেই সময় দেশটির প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ওজন বা মেদবহুল ছিল। বর্তমান সময়ের তরুণদের মধ্যে অতিরিক্ত ওজন হওয়ার প্রবণতা অতীতের তুলনায় বেশি।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মেদবহুল হওয়ার কারণগুলো অনেকটাই জটিল, যার মধ্যে জেনেটিক্সও কিছুটা দায়ী। তবে এটি প্রধানত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফল। মার্কিন নাগরিকদের খাদ্যাভ্যাসে প্রক্রিয়াজাত, ক্যালরিসমৃদ্ধ খাবারের আধিক্য থাকায় অতিরিক্ত ওজনের সমস্যা মহামারি আকার ধারণ করেছে। এ অবস্থা থেকে রেহাই পেতে চিকিৎসক ও গবেষকরা পুষ্টি নিয়ে জাতীয় কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
গবেষকরা বিভিন্ন বয়সীদের অতিরিক্ত ওজন ও মেদবহুল হওয়ার হার বাড়ার বিষয়টি নথিভুক্ত করেছেন। বিশেষত তারা শিশুদের মধ্যে এই প্রবণতার দ্রুত বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। কারণ, বর্তমানে প্রতি তিনজনের মধ্যে এক শিশু অতিরিক্ত ওজন বা মেদবহুল। গবেষণার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, যদি বড় ধরনের পদক্ষেপ নেওয়া না হয়, তবে ২০৫০ সালের মধ্যে অতিরিক্ত ওজন বা মেদবহুল মানুষের সংখ্যা প্রায় ২৬ কোটি হতে পারে। নিউইয়র্ক টাইমস।
- বিষয় :
- স্থূলতা
- যুক্তরাষ্ট্র
