করাচি স্টক এক্সচেঞ্জে হামলার দায় স্বীকার বেলুচিস্তান লিবারেশন আর্মির
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৪০ | আপডেট: ০১ জুলাই ২০২০ | ০৫:৩০
পকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি।
সোমবার সকালে ওই ঘটনার পর তাদের পক্ষ থেকে এ দায় স্বীকার করা হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে।
হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ তিনজন নিহত হন। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীর চারজনেরই মৃত্যু হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, সোমবার সকাল ১০টার দিকে হামলা করে বন্দুকধারীরা। এই হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। হামলার পরপরই ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেনেড ও অটোমেটিক রাইফেলে সজ্জিত হামলাকারীরা পিএসএক্স চত্বরে প্রবেশের চেষ্টা চালায়। পুলিশ ও রেঞ্জার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চার হামলাকারীকে হত্যা করেন। ওই এলাকায় একটি ‘শুদ্ধি অভিযান’ চালানো হয়েছে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘটনার নিন্দা জানান। তিনি এ হামলা ‘জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ওপর হামলার অনুরূপ’ বলে মন্তব্য করেন।
- বিষয় :
- করাচি
- সিন্ধু প্রদেশ
- পাকিস্তান
