মুক্ত বাণিজ্য চুক্তি সই ভারত-যুক্তরাজ্যের, ৬০০ কোটি পাউন্ডের বাণিজ্যিক বিনিময় বাড়ার সম্ভাবনা
নরেন্দ্র মোদি ও কিয়ার স্টারমার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ১৩:০৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি করেছেন। দুই নেতার উপস্থিতিতে লন্ডনে গতকাল বৃহস্পতিবার এই চুক্তিতে সই করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পিযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য সেক্রেটারি অব স্টেট জোনাথন রেনল্ড।
ভারতের গণমাধ্যমগুলো এই চুক্তিকে ঐতিহাসিক ও বহু প্রতীক্ষিত বলে আখ্যায়িত করেছে। বলা হচ্ছে, এ চুক্তির ফলে উভয় দেশের মধ্যে ৬০০ কোটি পাউন্ডের বাণিজ্যিক বিনিময় বাড়ার সম্ভাবনা তৈরি হবে।
বিবিসির খবরে বলা হয়, মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কির ওপর ভারতের বাজারে রপ্তানি শুল্ক কমবে। পাশাপাশি যুক্তরাজ্যের বাজারে বাড়বে ভারতীয় টেক্সটাইল ও গহনার রপ্তানি। চুক্তিতে অবৈধ অভিবাসন রোধে একটি যৌথ কর্মপরিকল্পনার কথাও বলা হয়েছে।
যদিও সমালোচকরা বলছেন, চুক্তিতে জাতীয় বীমা প্রদান থেকে ছাড়ের মেয়াদ এক থেকে তিন বছর বাড়ানোয় ব্রিটিশ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই ছাড়ের ফলে ভারতীয় কর্মীরা যুক্তরাজ্যে কাজ করলেও তাদের সামাজিক নিরাপত্তা কর দিতে হবে নিজ দেশে। তবে যুক্তরাজ্যের ব্যবসাবিষয়ক সচিব জোনাথন রেনল্ডস একে পুরোপুরি ভুল ধারণা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বীমা প্রদান থেকে ছাড়ের এই সুবিধা ইতোমধ্যে ৫০টি দেশের জন্য প্রযোজ্য হয়েছে। এতে কোনো কর সুবিধা নিয়ে ভারতীয় শ্রমিকরা ব্রিটিশদের প্রতিস্থাপন করতে পারবেন– এমন ভাবার কোনো কারণ নেই।
এদিকে চুক্তি সইয়ের আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, এই চুক্তির ফলে যুক্তরাজ্যে দুই হাজার ২শর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে।
আবার ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর জন্যও ভারতের বাজার উন্মুক্ত হচ্ছে।
এর আগে গত বুধবার দুদিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছান নরেন্দ্র মোদি। সফরে তিনি কিয়ার স্টারমারের সঙ্গে ছাড়াও রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন।
- বিষয় :
- মুক্ত বাণিজ্য
- ভারত
- যুক্তরাজ্য
