ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাইরাল ভিডিওটির ঘটনা কতটুকু সত্য

ভাইরাল ভিডিওটির ঘটনা কতটুকু সত্য
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ২০:১৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ | ২১:৫৬

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, জেসিকা র‌্যাডক্লিফ নামে এক প্রশিক্ষককে হত্যা করছে একটি ডলফিন।

ভিডিওটির বর্ণনায় দাবি করা হয়েছে, ঘটনাটি ঘটে প্রদর্শনীর সময়, যখন দর্শকদের সামনেই প্রশিক্ষক জেসিকাকে আক্রমণ করে একটি ডলফিন। ফেসবুক, টিকটকের অনেক ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করেছেন। কেউ কেউ লিখেছেন, পানিতে মাসিকের রক্ত ছড়িয়ে পড়ার পর ডলফিনটি উত্তেজিত হয়ে প্রশিক্ষককে হত্যা করে। 

ভিডিওতে দেখানো ডলফিনটি ওরকা প্রজাতির। এটি ডলফিন পরিবারের সবচেয়ে বড় প্রজাতি। এ ধরনের ডলফিনকে সাধারণত ‘কিলার হোয়েল’ বলা হয়।  

ফেসবুক ও টিকটকের অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করলেও কেউই উল্লেখ করেননি ঘটনাটি কোথায় ঘটেছে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য স্টারসহ একাধিক গণমাধ্যম বলছে, এমন কোনো ঘটনা আসলে ঘটেইনি। সরকারি নথি, সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা র‌্যাডক্লিফ নামের ওই প্রশিক্ষকেরও খোঁজ পাওয়া যায়নি। ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো।

ভোকাল মিডিয়াসহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থার বরাত দিয়ে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে। ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়ে তৈরি। 

বিশেষজ্ঞরা বলছেন, ঘটনাকে চাঞ্চল্যকর দেখিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই এমন ভুয়া গল্প বানানো হচ্ছে। এগুলো দর্শকের আবেগ উসকে দেওয়ার অপচেষ্টা।

আরও পড়ুন

×