ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারতের রাজনীতি

ভোটার তালিকা সংশোধনে কারচুপির অভিযোগ রাহুলের

ভোটার তালিকা সংশোধনে কারচুপির অভিযোগ রাহুলের
×

লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ০৫:৫৭

ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে উত্তাল ভারতের জাতীয় রাজনীতি। গতকাল মঙ্গলবার লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সমীক্ষার নামে ভোটার তালিকায় কারচুপির প্রমাণ জনসমক্ষে তুলে ধরার হুমকি দেন। তাঁর মতে, ষড়যন্ত্র এতটাই গভীর যে, পরিসংখ্যান প্রকাশ্যে এলে ‘তথ্য বোমা’ ফাটবে। 

এর আগে সোমবার দিল্লিতে ভোটচুরির অভিযোগে বিক্ষোভ মিছিল করেন বিরোধী সংসদ সদস্যরা। কর্মসূচি থেকে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্রসহ অনেককে আটক করে। এ নিয়ে উত্তেজনা ছড়ালে তাদের ছেড়ে দেওয়া হয়। এনডিটিভির খবর।

কয়েকদিন আগে ভোট চুরির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন রাহুল। তিনি ভোটার তালিকা ধরে নিজের বক্তব্যের সপক্ষে প্রমাণও দেখান। ভোটারের নাম-ঠিকানা তুলে ধরে তিনি দেখান, একটি ঠিকানায় ৮০ জন ভোটারের নাম রয়েছে। তবে ঠিকানায় গিয়ে দেখা গেছে, এলাকাটি একটি শিল্পাঞ্চল। সেখানে কেউ থাকেন না। তাছাড়া একই ভোটারের নাম একাধিক স্থানে থাকার প্রমাণও দেখান তিনি। 

গতকাল লোকসভা চত্বরে রাহুল দাবি করেন, শাসক দল পদ্ধতিগতভাবে ভোট চুরি করছে। রাহুলের এই বক্তব্য সমর্থন করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল বলেন, ‘আর কিছুদিন অপেক্ষা করুন। সব আসনে ভোটার তালিকা নিয়ে কারচুপি হয়েছে। আগে জালিয়াতির প্রমাণ ছিল না, এখন আছে। এক ব্যক্তি, এক ভোট সংবিধানের ফাউন্ডেশন। আমরা সংবিধান রক্ষার জন্য লড়ছি। আমরা থামব না। আভি পিকচার বাকি হ্যায় (দেখানোর এখনও অনেক কিছু বাকি)।’ 

এদিকে বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে সংসদ ভবন কমপ্লেক্সে গতকাল বিক্ষোভের সময় ‌‘১২৪ বছর বয়সী মিন্তা দেবী’ লেখাসংবলিত জামা পরে প্রতিবাদ করেন বিরোধী সংসদ সদস্যরা। তাদের দাবি, ভোটার তালিকায় অনেককেই জালিয়াতি করে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এনডিটিভি এই দাবিটি তদন্ত করে জানতে পেরেছে, মিন্তা দেবী সিওয়ানের দারুন্ডা বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে নিবন্ধিত। তাঁর বয়স ১২৪ বছর নয় বরং ৩৫ বছর। একজন নির্বাচনী কর্মকর্তাও জানিয়েছেন, মিন্তা দেবীর আবেদনপত্রে ত্রুটির কারণে বয়স পরিবর্তন হয়ে গেছে। 

অন্যদিকে গতকাল ভারতের সুপ্রিম কোর্ট এ ব্যাপারে বলেছেন, কারচুপি প্রমাণিত হলে বিহারের সংশোধিত ভোটার তালিকা বাতিল করা যেতে পারে। 
 

আরও পড়ুন

×