বিজেপির অভিযোগ
নাগরিক হওয়ার আগেই ভোটার হন সোনিয়া
সোনিয়া গান্ধী
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ০৩:০৪
ভারতে ভোটার তালিকায় অনিয়ম নিয়ে এবার কংগ্রেসকে আক্রমণ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। তাদের অভিযোগ, আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নামা ওঠানো হয়েছিল। বুধবার এক্স হ্যান্ডলে বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালবিয়া এ অভিযোগ করেন।
অমিতের দাবি, ৪৫ বছর আগে নির্বাচন কমিশনের সঙ্গে ‘আঁতাত’ করে ভোটার জালিয়াতি করেছেন সোনিয়া। তখনও তিনি ভারতের নাগরিক হননি। কিন্তু অবৈধভাবে ভোটার তালিকায় নাম উঠিয়েছিলেন। নিজের দাবির সপক্ষে প্রামাণ্য ‘নথি’ও দেখান অমিত। ১৯৮০ সালের ভোটার তালিকার একটি ছবি পোস্ট করে তিনি দাবি করেন, ওই বছরের ভোটার তালিকায় সোনিয়ার নাম ছিল। অথচ তখনও তিনি ভারতের নাগরিকত্ব পাননি।
সোনিয়া গান্ধীর জন্ম ১৯৪৬ সালে ইতালিতে। তাঁর বাবার দেওয়া নাম ছিল সোনিয়া মাইনো। ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ের পর গান্ধী পরিবারের অংশ হয়ে ওঠেন তিনি।
বিজেপির দাবি, ১৯৮০ সালে লোকসভা ভোটের আগে প্রথমবার নয়াদিল্লি কেন্দ্রের ভোটার তালিকায় সোনিয়ার নাম ওঠে। সে সময় গান্ধী পরিবার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারি বাসভবনেই থাকত। অমিতের পোস্টের পরই সরব হয় বিজেপি।
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, মহারাষ্ট্র ও কর্ণাটকের নির্বাচনে কারচুপির যে অভিযোগ সম্প্রতি রাহুল গান্ধী এনেছেন, তা ‘সম্পূর্ণ অসত্য ও ভুল পরিসংখ্যান’। এনডিটিভি।
- বিষয় :
- বিজেপি
- সোনিয়া গান্ধী
