মস্কো-বেইজিং যৌথ সাবমেরিন টহল
ছবি: সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ২০:০১
প্রথমবারের মতো রাশিয়া ও চীনের সাবমেরিন প্রশান্ত মহাসাগরে যৌথ টহল অভিযান পরিচালনা করেছে। আগস্টের শুরু থেকে ডিজেল ও বৈদ্যুতিক শক্তিতে চালিত সাবমেরিনের টহল শুরু হয়। এ বিষয়ে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর একটি বিবৃতি প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, ওই টহলের অংশ হিসেবে সাবমেরিন ভলখভ রাশিয়ার ভ্লাদিভস্তক নৌঘাঁটি থেকে দুই হাজার মাইল পাড়ি দেয়। দুই দেশের সাবমেরিন জাপান সাগর ও পূর্ব চীন সাগরে টহল দিয়েছে।
এই টহলের বিষয়টি বেইজিং এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
তবে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে গত বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সূত্র: সিএনএন
