প্রিন্সেস ডায়ানার টাইম ক্যাপসুলের খোঁজ
ছবি: এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ২০:৫২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ | ২২:৩৯
প্রিন্সেস ডায়ানার রেখে যাওয়া একটি টাইম ক্যাপসুল খুঁজে পাওয়া গেছে। তাঁর মৃত্যুর ৩০ বছরের বেশি সময় পর এটি পাওয়া গেলে। লন্ডনের একটি হাসপাতালে খনন করে টাইম ক্যাপসুলটি বের করা হয়েছে এবং তা খোলা হয়েছে। একটি ছোট বাক্স ছিল এটি।
ওয়েলসের প্রিন্সেস এবং লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেনের (জিওএসএইচ) সভাপতি হিসেবে প্রয়াত প্রিন্সেস ডায়ানা এই বাক্স পুঁতে রেখেছিলেন। ১৯৯১ সালের মার্চ মাসে জিওএসএইচের ভ্যারাইটি ক্লাব বিল্ডিংয়ের ভিত্তির নিচে বাক্সটি পুঁতে রাখা হয়েছিল। নতুন শিশু ক্যান্সার সেন্টারের নির্মাণকাজ শুরুর পর সিসা-আবৃত কাঠের এই টাইম ক্যাপসুলটি সম্প্রতি আবিষ্কৃত হয়।
বাক্সের ভেতরে নব্বই দশকের শুরুর দিকের জীবনযাপনের এক দারুণ ঝলক পাওয়া গেছে। জিওএসএইচ গত বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৯১ সালে যারা জন্মেছিলেন বা তখন সেখানে কর্মরত ছিলেন, তাদের সাহায্যে বাক্সটি খোলা হয়। এর মধ্যে পাওয়া গেছে, হাতের মুঠো আকারের একটি ছোট টেলিভিশন, কাইলি মিনোগের একটি সিডি আর কিছু গাছের বীজ।
প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের জনপ্রিয় টেলিভিশন শো ‘ব্লু পিটার’-এর একটি প্রতিযোগিতায় জয়ী দুই শিশু– সিলভিয়া ফোলকস এবং ডেভিড ওয়াটসন ক্যাপসুলের ভেতরে রাখার জন্য জিনিসগুলো বেছে নিয়েছিল। ওই দুই শিশু রেখেছিল কাইলি মিনোগের ‘রিদম অব লাভ সিডি’, একটি ইউরোপীয় পাসপোর্ট, পুনর্ব্যবহারযোগ্য কাগজ, একটি ছোট টিভি, যুক্তরাজ্যের কিছু কয়েন, একটি স্নোফ্লেক হোলোগ্রাম, কিউ গার্ডেন্সের গাছের বীজ, আর সৌরশক্তিচালিত ক্যালকুলেটর।
এ ছাড়া ছিল ফোলকস ও ওয়াটসনের লেখা চিঠি, দ্য টাইমস পত্রিকার একটি কপি, আর ডায়ানার একটি ছবি। দশকের পর দশক মাটির নিচে থাকার পরও অধিকাংশ জিনিস অক্ষত ছিল। অনেক জিনিস এখনও ভালো আছে, যা এক ভিন্ন প্রযুক্তিগত যুগের স্মৃতি জাগায়। আর্কাইভের কর্মীরা জানান, কয়েকটি জিনিস পানিতে ভিজে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন হাসপাতালের সংস্কার শেষ হলে জিওএসএইচ আবার একটি নতুন টাইম ক্যাপসুল পুঁতে রাখার পরিকল্পনা করছে। সূত্র: এনডিটিভি
