ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপন নথিতে গাজা আক্রমণের ‘ব্যর্থতা’ ফাঁস

গোপন নথিতে গাজা আক্রমণের ‘ব্যর্থতা’ ফাঁস
×

ইসরায়েলি হামলায় গাজার ক্ষতিগ্রস্ত একটি ভবন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২৫

ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রচারিত একটি গোপন নথিতে দেখা গেছে, ‘গিডিয়নের রথ’ নামে মে মাসে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল, তা ব্যর্থ হয়েছে। 

ওই নথিতে বলা হয়েছে, গাজায় বৃহৎ আকারের আক্রমণ, হামাসকে পরাজিত করা এবং বন্দিদের ফিরিয়ে আনার মতো মৌলিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল। চ্যানেল ১২ সোমবার এ তথ্য প্রকাশ করেছে। 

এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রতিপক্ষকে অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন। স্থানীয় গণমাধ্যমে রোববার জানিয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইসরায়েলের ওই ইচ্ছা সম্পর্কে জানিয়েছেন। 

বুধবার ওয়াশিংটনে তাদের মধ্যে বৈঠকের সময় সার রুবিওকে লেখেন, তিনি আগামীতে দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন। এই পদক্ষেপের বিষয়ে ইসরায়েলি সরকারের মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছে, তবে ঘোষণার সময় নিয়ে মতবিরোধ রয়েছে। অবশ্য ইসরায়েলের নেসেট (সংসদ) ইতোমধ্যেই শেষ বৈঠকে পশ্চিম তীরের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে।

গণহত্যা নিয়ে গবেষণারত বিশেষজ্ঞদের বৃহত্তম পেশাদার সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স সোমবার জানিয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা করছে। এই সংগঠনের বিশ্বব্যাপী প্রায় ৫০০ সদস্য রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন হলোকাস্ট বিশেষজ্ঞ রয়েছেন। প্রায় ৮৬ শতাংশ বিশেষজ্ঞ ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছেন। সংগঠনের সভাপতি ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ও’ব্রায়েন এপিকে বলেন, যারা গণহত্যা নিয়ে গবেষণায় বিশেষজ্ঞ, তারা গাজা পরিস্থিতির প্রকৃত কারণ বুঝতে পারছেন। 

আরও পড়ুন

×