ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চীনের বাঁধের পাল্টা উদ্যোগ

ব্রহ্মপুত্রে ২ জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোদি

ব্রহ্মপুত্রে ২ জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর  স্থাপন করলেন মোদি
×

.

 সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:৪৬

অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রে দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার অরুণাচল প্রদেশে ৫ হাজার ১২৫ কোটি রুপি মূল্যের অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রদেশের রাজধানী ইটানগরের ইন্দিরা গান্ধী পার্কের এক অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালি শি ইয়োমি জেলায় দুটি জলবিদ্যুৎ প্রকল্প এবং তাওয়াং-এর একটি কনভেনশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খবর পিটিআইর।

তিব্বতে হিমালয়ের ১৭ হাজার ফুট উঁচুতে হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। ওই এলাকায় এর নাম ইয়ারলুং সাংপো। পূর্বমুখী নদীটি তার উৎস থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার প্রবাহিত হয়ে ভারতের কাছে এসে সম্পূর্ণ বিপরীত দিকে বাঁক নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। তখন এর নাম হয়েছে সিয়াং। পরে এটি ব্রহ্মপুত্র নাম ধারণ করে আসাম হয়ে বাংলাদেশে এসেছে।

ব্রহ্মপুত্রে চীনা কর্তৃপক্ষ ২০২৪ সালের ডিসেম্বরে ৬০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেদোগ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অনুমোদন করে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭০০ কোটি ডলার। চলতি বছরের জুলাইয়ে এর নির্মাণকাজ শুরু হয়। এটি মূলত বিশ্বের বৃহত্তম বাঁধ। এর পাল্টা বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছিল ভারত। উভয় দেশ বাঁধ নির্মাণ করায় ভাটি অঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পিটিআইর খবরে বলা হয়, ১৮৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন টাটো-১ প্রকল্পটি অরুণাচল প্রদেশ সরকার ও নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার করপোরেশন লিমিটেড (এনইইপিসিও) যৌথভাবে ১ হাজার ৭৫০ কোটি রুপি ব্যয়ে তৈরি করবে। এটি বছরে প্রায় ৮০ কোটি ২০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে।

২৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হেও প্রকল্পটি রাজ্য সরকার এবং এনইইপিসিও যৌথভাবে ১ হাজার ৯৩৯ কোটি রুপি ব্যয়ে তৈরি করবে। এখান থেকে প্রতিবছর একশ কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পগুলো ইয়ারজেপ বা সিয়াং (ব্রহ্মপুত্র) নদীর ওপর তৈরি করা হবে। এগুলো অরুণাচল প্রদেশের জলবিদ্যুৎ ক্ষমতা বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। এটি আঞ্চলিক জ্বালানি নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখবে।

নরেন্দ্র মোদি তাওয়াংয়ে একটি কনভেনশন সেন্টারেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি পিএম-ডেভআইএনই প্রকল্পের অধীনে ১৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত হবে। কর্মকর্তারা জানান, ১ হাজার ৫০০ জনের বেশি ধারণক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র আন্তর্জাতিক মানের হবে। এ অঞ্চলের পর্যটন ও সাংস্কৃতিক সম্ভাবনাকে সহায়তা করবে।

কর্মকর্তারা আরও জানান, প্রধানমন্ত্রী সংযোগ, স্বাস্থ্য, অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন খাতের জন্য ১ হাজার ২৯০ কোটির বেশি রুপি মূল্যের আরও কয়েকটি অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে ইটানগরের একটি রাজ্যে ক্যান্সার ইনস্টিটিউট (ব্যয় ২১৭ কোটি রুপি), আপার সিয়াং জেলার একটি সড়ক (ব্যয় ৬৯ কোটি রুপি) এবং দিবং উপত্যকার আমুলি থেকে আথুনলি পর্যন্ত একটি সড়ক (ব্যয় ৯৬ কোটি রুপি)। প্রধানমন্ত্রী ২৬টি জেলায় কর্মরত নারীদের হোস্টেলেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন (১৮৭ কোটি রুপি ব্যয়)। ৯টি নতুন ফায়ার স্টেশন (৪০ কোটি রুপি ব্যয়) নির্মিত হবে। আলোতে দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের আধুনিকীকরণ (খরচ ৩৯ কোটি রুপি) করা হবে। এ ছাড়া তিনি ২৩টি জেলায় ৫৩০টি নতুন মন্ত্রীর বাংলো ও স্টাফ কোয়ার্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন (৪২০ কোটি রুপি ব্যয়)। সব জেলায় কর্মকর্তাদের জন্য আবাসন এবং তিনটি জেলায় আবাসিক ভবন নির্মাণ করা হবে। নতুন তিনটি জেলায় মিনি সচিবালয় নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, ‘অরুণাচল প্রদেশ এগিয়ে যাচ্ছে। আজ ঘোষিত নতুন বিদ্যুৎ প্রকল্পগুলো রাজ্যটিকে একটি প্রধান বিদ্যুৎ উৎপাদকে পরিণত করবে। এর মাধ্যমে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হবে। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।’

অনুষ্ঠানে গভর্নর কেটি পার্নাইক, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

×