ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটক 

ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল কলম্বিয়ার

বিশ্বজুড়ে তীব্র নিন্দা, বিক্ষোভ, মুক্তির দাবি

ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল কলম্বিয়ার
×

ছবি: আনাদোলু এজেন্সি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ | ০৫:৫০

ফিলিস্তিনিদের সহায়তার জন্য স্পেন থেকে গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) ত্রাণবাহী নৌযানগুলো ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। দেশে দেশে শুরু হয়েছে বিক্ষোভ। আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন বিশ্বনেতারা। তবে দ্রুত পদক্ষেপ নিয়েছে কলম্বিয়া। 

এ ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ বলে উল্লেখ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সেই সঙ্গে কলম্বিয়ায় ইসরায়েলি দূতাবাসে কর্মরত সব ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দিয়েছেন তিনি। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও স্থগিত করেছেন।

আটককৃত নৌযানগুলোর মধ্যে ম্যানুয়েল বেদোয়া এবং লুনা বারেতো নামের দুই কলম্বিয়ার নাগরিকও আছেন।  দুই নাগরিককে আটকের পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন গুস্তাভো পেত্রো। এ প্রসঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে ফ্লোটিলার নৌযান আটককে আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেছে। পরে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পেত্রো বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান এবং যাত্রীদের আটকের মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহু আরও একটি আন্তর্জাতিক অপরাধ করলেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে কলম্বিয়া ইসরায়েলের দূতাবাসের সব রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ প্রদান এবং ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা– এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার ঐক্যমঞ্চ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গত ১৮ বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল। গাজায় কোনো সমুদ্রবন্দর নেই এবং ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক কোনো জাহাজ বা নৌযান গাজা উপকূলের কাছাকাছি যেতে পারে না। ফ্লোটিলার নৌবহর সেখানে পৌঁছালে তা হবে ১৮ বছর গাজার উপকূলে প্রথম কোনো আন্তর্জাতিক নৌবহরের নোঙর করা।

মালয়েশিয়ায় ট্রাম্পের সফর বাতিলের দাবি উমনো ইয়ুথ সংগঠনের, কড়া বার্তা প্রধানমন্ত্রীর
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে আটক মালয়েশিয়ান স্বেচ্ছাসেবকদের মুক্তি না দিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়ার সফর বাতিল করার দাবি জানিয়েছে উমনো ইয়ুথ। সংগঠনের প্রধান ড. আকমল সালেহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ট্রাম্পের কুয়ালালামপুর সফরের সময় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আকমল তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, যদি আমাদের কর্মীদের মুক্তি না দেওয়া হয়, আমরা সরকারকে ট্রাম্পের আমন্ত্রণ বাতিল করার দাবি জানাচ্ছি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি লেখেন, একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এই ফ্লোটিলা সংহতি, সহানুভূতি এবং অবরুদ্ধ মানুষদের জন্য আশার প্রতীক ছিল। যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকবে, মালয়েশিয়া তাদের পাশে থাকবে। 

সমালোচনা করেছে ভেনেজুয়েলা
সমালোচনা করে টেলিগ্রাম অ্যাপে পোস্ট করা বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইউভান গিল বলেন, ইসরায়েলি সেনাবাহিনী একটি বেসামরিক ও শান্তিপূর্ণ অভিযানে আক্রমণ করেছে। অভিযানের একমাত্র উদ্দেশ্য ক্ষুধা আর নির্মূলের শিকার ফিলিস্তিনি জনগণের কাছে পাঁচ হাজার ৫০০ টন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সামরিক বাহিনীর নৌকায় করে নৌবহরে ওঠার ঘটনায় ইহুদিবাদী সরকারের অপরাধমূলক স্বভাব আবারও উন্মোচিত করেছে।

তীব্র নিন্দা তুরস্কের, আটকদের অবিলম্বে মুক্তির দাবি
গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ আক্রমণ প্রমাণ করে, গণহত্যাকারী নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী ও সামরিক নীতি, যারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এখন তা আর কেবল ফিলিস্তিনিদের মধ্যে সীমাবদ্ধ নয়। আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে দেশটি।

উদ্বেগজনক বলেছে আয়ারল্যান্ড
এ বিষয়ে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, আজ রাতের প্রতিবেদনগুলো খুব উদ্বেগজনক। এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের ওপর আলোকপাত করার জন্য একটি শান্তিপূর্ণ অভিযান।

ইউরোপজুড়ে বিক্ষোভ
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় ইতালিসহ ইউরোপের কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। গাজামুখী জাহাজ বহরটি আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই ইতালির নেপলস ও রোমে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন। অন্যদিকে, রাজধানী রোমের টার্মিনি স্টেশনের আশপাশে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশ ঘিরে রাখে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইতালির পাশাপাশি স্পেন, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুল শহরেও শত শত মানুষ ইসরায়েলের এই কর্মকাণ্ডের নিন্দা জানান। খবর আলজাজিরা, বিবিসি ও সিএনএনের।

আরও পড়ুন

×