ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাম্পের প্রস্তাবে হামাসের সাড়া, যা বলছেন বিশ্বনেতারা

ট্রাম্পের প্রস্তাবে হামাসের সাড়া, যা বলছেন বিশ্বনেতারা
×

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ২০:২৮

গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। শুক্রবার হামাস প্রতিক্রিয়া জানানোর পর এ নিয়ে বিভিন্ন দেশ তাদের মত জানাচ্ছে।

ভারত
ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে তিনি বলেছেন, জিম্মি মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ভারত একটি টেকসই ও ন্যায়সংগত শান্তির লক্ষ্যে সব প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে যাবে।

পাকিস্তান
ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক সাড়াকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে এক পোস্টে লিখেছেন, এখনই যুদ্ধবিরতি হতে হবে, ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান ঘটাতে হবে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মানবিক সহায়তা প্রবাহে কোনো বাধা থাকা উচিত নয়। ইসরায়েলকে অবশ্যই তার হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা একটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যেন আমরা জিম্মিদের নিরাপদে দ্রুত বের করে আনতে পারি।
 
ইসরায়েল
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে, হামাসের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তাবের লক্ষ্য সব জিম্মিকে মুক্ত করা। আমরা প্রেসিডেন্ট ও তাঁর টিমের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাব।

কাতার
কাতার বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতির বিষয়টিকে তারা স্বাগত জানায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি আরও জানান, তারা ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকেও সমর্থন করে।

মিসর
মিসর জানিয়েছে, তারা আশা করে, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যুদ্ধের অবসান ঘটাতে এই ইতিবাচক অগ্রগতি সব পক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দিতে উৎসাহিত করবে।

জাতিসংঘ 
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামাসের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার আলোচনায় অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়েছে। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এমনটি জানান।
 
ফ্রান্স
এক্স হ্যান্ডলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ লেখেন, সব জিম্মির মুক্তি ও গাজায় যুদ্ধবিরতি এখন নাগালের মধ্যে। হামাসের প্রতিক্রিয়ায় আশাবাদী অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও তিনি সুর মিলিয়েছেন।
 
জার্মানি
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, এই পরিকল্পনা সংঘাতের মধ্যে শান্তি ফেরানোর সেরা সুযোগ। জার্মানি ট্রাম্পের প্রস্তাবকে পুরোপুরি সমর্থন করে।

যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার বিপরীতে বলেছেন, এটি বড় অগ্রগতি। তিনি দুপক্ষকেই বিলম্ব না করে প্রস্তাবটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। 

তুরস্ক
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি গোষ্ঠীর এই প্রতিক্রিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। খবর রয়টার্স ও আল-জাজিরার

আরও পড়ুন

×