ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

মেক্সিকোতে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা, ২৮ জনের প্রাণহানি

মেক্সিকোতে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা, ২৮ জনের প্রাণহানি
×

বন্যায় প্লাবিত হয়েছে মেক্সিকোর বিস্তীর্ণ এলাকা। ছবি: প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউমের এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ১৫:৫০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ২১:৫৮

মেক্সিকোতে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভারি বৃষ্টিপাতের কারণে বাড়িঘর ও সড়ক ভেঙে পড়েছে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

দেশটির নাগরিক প্রতিরক্ষাবিষয়ক জাতীয় সমন্বয়কারী লরা ভেলাজকুয়েজ বলেছেন, 'বন্যায় দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে নদীর পানি উপচে পড়ছে। অতিরিক্ত পানির চাপে সড়ক ধসে গেছে। প্লাবিত কয়েকটি এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে, দেশটির ৩২ রাজ্যের মধ্যে ৩১টিতে ব্যাপক বৃষ্টি হয়েছে। এর মধ্যে ভয়াবহ অবস্থা পূর্ব ভেরাক্রুজ, কুয়েরেতারো ও হিডালগোর মধ্যভাগে, উত্তর মধ্যরাজ্য সান লুইস পোটোসিতে। 

হিডালগো রাজ্যের স্বরাষ্ট্র সচিব গুইলারমো অলিভারেস রেইনা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হলো হিডালগো। এখানে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি আরও বলেন, রাজ্যটিতে কমপক্ষে এক হাজার বাড়িঘর, ৫৯টি হাসপাতাল- ক্লিনিক ও ৩০৮টি স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশের পুবেলা রাজ্যে, ৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৩ জন। রাজ্যের গভর্নরের মতে, সেখানে ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে বিচ্ছিন্ন হয়েছে গ্যাস লাইন।

সাগরপাড়ের ভেরাক্রুজ রাজ্যে ২ জন মারা গেছেন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। রাজ্য কর্তৃপক্ষের মতে, ৫ হাজারের মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌবাহিনীর সদস্যরা প্রায় ৯০০ মানুষকে নিরাপদ সরিয়ে নিয়েছেন। এর আগে কেন্দ্রীয় রাজ্য কুয়েরেতারোর কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, ভূমিধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×