ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, পেলেন উষ্ণ অভ্যর্থনা

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের আশা

দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, পেলেন উষ্ণ অভ্যর্থনা
×

দারুল উলুম দেওবন্দে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। ছবি: পিটিআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ২২:২৪

ভারতের ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় সড়কপথে দেওবন্দে পৌঁছেন তিনি। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়।

দেওবন্দ অবস্থানকালে মুত্তাকি প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুফতি আবুল কাসেম নোমানী ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ শীর্ষ ইসলামি আলেমদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি দারুল উলুমের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন। খবর দ্য হিন্দুর।

বৈঠকে মুত্তাকি বলেন, দারুণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাবো, এবং আশা করি আপনারাও কাবুল সফর করবেন।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক জোরদারে উদ্যোগ হিসেবে ছয় দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন তালেবান সরকারের এই মন্ত্রী। তার এই সফরকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, তালেবান শাসনভার গ্রহণের পর এটাই কোনো সিনিয়র নেতার প্রথম দেওবন্দ সফর।

প্রসঙ্গত আগামীকাল রোববার মুত্তাকি আগ্রা সফরে যাবেন, যেখানে তিনি বিশ্বের ঐতিহাসিক স্থাপনা তাজমহল পরিদর্শন করবেন। এরপর সোমবার তিনি নয়াদিল্লিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে এক বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কাবুলে গিয়ে আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন

×