অভ্যুত্থানের পর মাদাগাস্কারের প্রেসিডেন্ট
জীবনের ভয়ে পালিয়েছি
অভ্যুত্থানের পর অজ্ঞাত স্থান থেকে বক্তব্য দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১২:২৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ১২:৫০
মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা বলেছেন, সামরিক বিদ্রোহের পর তিনি জীবনের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। সোমবার গভীর রাতে কোনো অজ্ঞাত স্থান থেকে সামাজিক মাধ্যমে তিনি এ কথা বলেন। তবে ওই ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেননি। মঙ্গলবার দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়। ৫১ বছর বয়সী প্রেসিডেন্টের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছিলেন দেশটির তরুণরা, যাদের জেন-জি বলে সম্বোধন করা হচ্ছে। গত শনিবার এ বিক্ষোভ এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছায়। ওই দিন একটি অভিজাত সামরিক ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় এবং প্রেসিডেন্ট ও অন্য মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানায়।
আন্দ্রে রাজোয়েলিনা বলেন, ‘জীবন রক্ষার জন্য আমাকে একটি নিরাপদ স্থান খুঁজে বের করতে বাধ্য করা হয়েছিল।’ গভীর রাতে দেওয়া ওই ভাষণ মাদাগাস্কারের টেলিভিশনেও দেখানোর কথা ছিল। কিন্তু সেনারা রাষ্ট্রীয় সম্প্রচার ভবনগুলো নিয়ন্ত্রণ নেওয়ায় তা করা হয়নি। তবে ভাষণটি প্রেসিডেন্ট তাঁর অফিসিয়াল ফেসবুক পাতায় সম্প্রচার করেন।
মাদাগাস্কার সরকারের বিরুদ্ধে রাজধানী আন্তানানারিভোর প্রধান চত্বরে হাজার হাজার বিক্ষোভকারীর সমাবেশ ও সেই সঙ্গে একটি সামরিক ইউনিটের অভ্যুত্থানের পর প্রথমবারের মতো রাজোয়েলিনা এ ভাষণ দিলেন। তিনি এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সংলাপের আহ্বান জানান এবং বলেন, সবার উচিত সংবিধানকে সম্মান করা। তবে ভাষণে তিনি কীভাবে মাদাগাস্কার ছেড়ে গেছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলেননি। একটি প্রতিবেদনে দাবি করা হয়, তাঁকে ফরাসি সামরিক বিমানে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওই প্রতিবেদনে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
রাজোয়েলিনা প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে আবার তিনি ক্ষমতায় ফেরেন। তাঁর সরকারের ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে ‘জেন-জি মাদাগাস্কার’ নামে পরিচিত হাজার হাজার তরুণ সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন।
এএফপি জানিয়েছে, গত সোমবারও আন্তানানারিভো সিটি হলের সামনের একটি চত্বরে লোকজন ভিড় জমান। সেখানে তারা মাদাগাস্কারের পতাকা উড়িয়ে রাজোয়েলিনা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। দেশে ব্যাপক বিরোধিতার মুখে পালিয়ে যাওয়ায় তাঁর ফেরাটা অনিবার্যভাবে কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
- বিষয় :
- জেন জি
- অভ্যুত্থান
- মাদাগাস্কার
- সামরিক বিদ্রোহ
