ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
×

বুধবার রাত্রে রাজধানী লিমা এবং অন্যান্য শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভে নামেন হাজার হাজার তরুণ। ছবি- এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১৩:৫৯

পেরুর রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে সহিংসতায় বুধবার অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসে জেরি। খবর এএফপির

এ ঘটনায় অন্তত ১০২ জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মাঝে ৭৮ জন পুলিশ এবং ২৪ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। 

কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে বিক্ষোভ চলছে। শুক্রবারে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসিত করা হয়। দেশটিতে সন্ত্রাস ও দুর্নীতি বেড়ে যাওয়ার জন্য তাকে দায়ী করেন সমালোচকরা। তার স্থানে আসেন জেরি। এপ্রিলে নির্বাচন হওয়ার আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন তিনি। 

বুধবার রাত্রে রাজধানী লিমা এবং অন্যান্য শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভে নামেন হাজার হাজার তরুণ। কেউ কেউ কংগ্রেস ঘিরে থাকা নিরাপত্তা বেষ্টনি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাকিরা কংগ্রেসের দিকে ঢিল ছোঁড়েন, আতশবাজি জ্বালান। পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। 

জেরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেন,'৩২ বছর বয়সী নাগরিক এদুয়তার্দো রুই সানজের মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করছি।' 

তবে ঠিক কী পরিস্থিতিতে ওই নাগরিক মারা গেছেন, সে বিষয়ে বিশদ কিছু লেখেননি দেশটির প্রেসিডেন্ট। 

বেসরকারি সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস কোঅর্ডিনেটরের মতে, সাদা পোশাকের এক পুলিশের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন। 

এএফপির ছবিতে দেখা যায় বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন এক পুলিশ অফিসার। 

এদিকে জোসে জেরি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের মাঝে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। 

কংগ্রেস অভিমুখে যাত্রাকারী ৪৯ বছর বয়সী আমান্ডা মেজা এএফপিকে বলেন, ' [এ বিষয়ে] কিছুই করা হচ্ছে না, ফলে সবার মাঝে অসন্তোষ রয়েছে।'

চাঁদাবাজি এবং চুক্তিভিত্তিক খুনের ঘটনা অনেক বেড়ে গেছে বলে তিনি দাবি করেন। 

আরও পড়ুন

×