ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ

পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১৩:৪৮

পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা চালানোর অভিযোগ করেছে আফগানিস্তান। দেশটির অভ্যন্তরে চালানো এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে কয়েক দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৪৮ ঘণ্টা অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। গত শুক্রবার অস্ত্রবিরতি শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়ানোর কথা জানানো হয়। তবে এর মধ্যেই এমন হামলার অভিযোগ উঠল। খবর আলজাজিরার।

একজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে জানান, পাকিস্তান অস্ত্রবিরতি ভেঙে শুক্রবার গভীর রাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর জবাব দেবে।

প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা জানান, এ হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ছিল। 
হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, দুই দেশের কর্মকর্তারা শনিবার দোহায় জরুরি বৈঠকে বসবেন। প্রতিশ্রুতি অনুযায়ী দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে। এরই মধ্যে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে।

অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দাপ্রধান জেনারেল আসিম মালিক শনিবার দোহায় যাচ্ছেন। 

হামলায় ক্রিকেটার নিহত
গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, বিমান হামলায় একটি টুর্নামেন্ট শেষে বাড়ি ফেরার সময় তিন ক্রিকেটারসহ আটজন নিহত হয়েছেন। তারা এটিকে ‘পাকিস্তানি সরকারের কাপুরুষোচিত হামলা’ বলে বর্ণনা করেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

সংস্থাটি সামাজিক মাধ্যমে জানায়, ক্রিকেটাররা পাকতিকা প্রদেশের রাজধানী শরানা থেকে একটি প্রীতি ম্যাচ খেলে উরগুন জেলায় নিজেদের বাড়িতে ফেরার সময় একটি সমাবেশে হামলার শিকার হন। আগামী মাসে পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি২০ সিরিজ থেকে আফগানিস্তান সরে দাঁড়াচ্ছে বলেও ঘোষণা দেয় তারা।
তবে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, তাদের বাহিনী আফগান সীমান্ত এলাকায় হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর ওপর ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিমান হামলা’ চালিয়েছে। ওই গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত।

ইসলামাবাদ জানায়, এই একই গোষ্ঠী আফগান সীমান্তের কাছের এক সামরিক স্থাপনায় আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছিল। ওই হামলায় সাতজন পাকিস্তানি আধাসামরিক সদস্য নিহত হন।

নিরাপত্তা ইস্যুই দুই দেশের মধ্যে মূল উত্তেজনার কারণ। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান টিটিপি-নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। 

আরও পড়ুন

×