ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিধানসভা নির্বাচন

বিহারের ভোটে ফ্যাক্টর হয়ে উঠেছেন ওয়াইসি

বিহারের ভোটে ফ্যাক্টর হয়ে উঠেছেন ওয়াইসি
×

বিহার নির্বাচনের জনসভায় ভাষণ দিচ্ছেন ওয়াইসি। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ০৯:৩৮

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই দফায় মোট ১২১টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে আগামী ৬ নভেম্বর। বিহারের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে এখন আলোচনার কেন্দ্রে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। রোববার দলটি আনুষ্ঠানিকভাবে ২৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে, যাদের বেশির ভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে নির্বাচিত। 

গতকাল রোববার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এআইএমআইএম সুপ্রিমো ওয়েইসি লিখেছেন, এই হলো বিহার বিধানসভা নির্বাচনে এআইএমআইএম প্রার্থীদের নাম। ইনশাআল্লাহ, আমরা আশা করছি বিহারের সবচেয়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠব। এই তালিকাটি এআইএমআইএম বিহার ইউনিট তৈরি করেছে। এ বিষয়ে দলের জাতীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হয়েছে। খবর এনডিটিভির।

ওয়াইসির দলের বক্তব্য, তারা এবার ‘বঞ্চিতের কণ্ঠস্বর’ হতে চায় এবং এই তালিকা তৈরি হয়েছে বিহারের মাটির বাস্তবতার প্রতিফলন হিসেবে।  রাজনৈতিক দিক থেকে এআইএমআইএমের এই পদক্ষেপ একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, মহাগঠবন্ধনের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে সংখ্যালঘু ভোটের একাংশকে টানার চেষ্টা।  দ্বিতীয়ত, এনডিএ ও ইন্ডিয়া ব্লকের দ্বিমেরু রাজনীতির মাঝখানে নিজেদের উপস্থিতি জানান দেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবে ওয়াইসির দল কি রাজ্য রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে?  

কংগ্রেস ইতোমধ্যে ৪৮ প্রার্থীর প্রথম তালিকা এবং পাঁচটি আসনের দ্বিতীয় তালিকা ঘোষণা করেছে। তবু মহাগঠবন্ধনের ভেতর আসন বণ্টন নিয়ে বিরোধ স্পষ্ট।  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আরজেডি ও কংগ্রেসের বন্ধুত্বপূর্ণ লড়াই বাস্তবে বিরোধকেই চিহ্নিত করছে। ২০২০ সালের নির্বাচনে কংগ্রেস ৭০টি আসনে লড়ে মাত্র ১৯টিতে জয় পেয়েছিল, সেই অভিজ্ঞতা থেকেই এবারের প্রস্তাবিত আসন সংখ্যা কমানো হয়েছে বলে দলীয় মহল মনে করছে। 

এই ফাঁকেই ওয়াইসির মতো দলগুলোর জন্য সুযোগ তৈরি হচ্ছে। কারণ, সংখ্যালঘু ভোট যত ভাগ হবে, এনডিএর সম্ভাবনা তত বাড়বে। অনেক বিশ্লেষকের মতে, বিহারের এই ভোটে ওয়াইসি ‘কিং মেকার’ নন, কিন্তু ‘কিং-ব্রেকার’ হতে পারেন। অর্থাৎ, কয়েকটি আসনে ভোট ভাগ করে তিনি বিরোধী জোটকে দুর্বল করতে পারেন। প্রশান্ত কিশোরের জনসুরাজ মঞ্চও এবার রাজনীতিতে নতুন সমীকরণ আনছে।  পিকের দল এখন তরুণ ও শিক্ষিত ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে, যাদের অনেকে প্রচলিত রাজনীতিতে বিমুখ। এই বহুমাত্রিক প্রতিযোগিতার মধ্যে ভোটের ফলাফল হবে অনিশ্চিত, আর সেখানেই ওয়াইসির রাজনীতি নিজের জায়গা তৈরি করতে পারে।  

জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) ভেতরে অস্থিরতা বাড়ছে। গত মঙ্গলবার বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যেখানে ৭১ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপে জোটের সহযোগী দলগুলোর মধ্যে অসন্তোষ ছড়িয়েছে।

আরও পড়ুন

×