ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিআইএর ‘সামরিক উস্কানি’তে প্রতিবেশী দুই দেশ জড়িত: ভেনেজুয়েলা

সিআইএর ‘সামরিক উস্কানি’তে প্রতিবেশী দুই দেশ জড়িত: ভেনেজুয়েলা
×

সমুদ্র উপকূলে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১২:১৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ | ১২:২৩

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ‘সামরিক উস্কানি’র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। এই সামরিক উস্কানিতে প্রতিবেশী ত্রিনিদাদ ও টোবাগোও জড়িত বলে তারা অভিযোগ করেছে।

ভেনেজুয়েলার সরকার রোববার বিবৃতিতে বলেছে, যৌথ সামরিক উদ্যোগের লক্ষ্য হলো- লাটিন আমেরিকান দেশটির সঙ্গে পূর্ণ সামরিক সংঘাত সৃষ্টি করা। খবর- রয়টার্সের।

বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে যৌথ সামরিক মহড়া চলছে। ভেনেজুয়েলা জানিয়েছে, তারা মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যসহ একদল ভাড়াটে সেনাকে আটক করেছে। এদের লক্ষ্য ছিল, এই অঞ্চলে একটি ‘ফলস-ফ্ল্যাগ’ হামলা চালানো।

ভেনেজুয়েলার সরকার বিবৃতিতে বলেছে, ‘পূর্ণ সংঘাত সৃষ্টি করার জন্য ত্রিনিদাদ ও টোবাগোর সীমান্তবর্তী জলসীমা অথবা ভেনেজুয়েলীয় অঞ্চল থেকে ফলস-ফ্ল্যাগ হামলা চলছে।’

এ মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য সিআইএকে অনুমোদন দিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এর আগেও ফলস-ফ্ল্যাগ হামলার অভিযোগ তুলেছিলেন। এর মধ্যে অক্টোবরের শুরুতে কারাকাসে মার্কিন দূতাবাসে বিস্ফোরক স্থাপনের পরিকল্পনার কথা ছিল। 

এ বিষয়ে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং সিআইএর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কয়েকটি নৌকার ওপর হামলা চালিয়েছে। প্রশাসন দাবি করেছে, ওই নৌকাগুলো মাদক পাচার করছে। 

এদিকে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী তারেক বিবিসিকে বলেছেন, ট্রাম্প ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের উপনিবেশে পরিণত করতে চান।

আরও পড়ুন

×